রাষ্ট্র পরিচালনায় সর্বত্র অব্যবস্থাপনা দৃশ্যমান—এমন অভিযোগ তুলে সরকারকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার বিকেলে রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ কথা বলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।
তিনি বলেন, জ্বালানি ব্যবস্থাপনায় সাম্প্রতিক যে বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারিতা দেখা গেছে, তা দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একটি রাষ্ট্রের ক্ষেত্রে অপ্রত্যাশিত। সরকারের তথ্য অনুযায়ী জ্বালানির মজুত যথেষ্ট থাকা সত্ত্বেও সরবরাহে সংকট তৈরি হয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির পর পরিবহনসহ বিভিন্ন খাতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা মোকাবিলায় সরকারের কোনো সুস্পষ্ট কর্মপরিকল্পনা দেখা যাচ্ছে না।
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয়। একই সঙ্গে লোডশেডিংয়ের কারণে জনদুর্ভোগ বেড়েছে এবং পরিস্থিতি উত্তরণে আস্থা সৃষ্টিকারী উদ্যোগের অভাব রয়েছে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ঈদে গণপরিবহন ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা ছিল। ব্যাংকিং খাতেও আস্থার সংকট আবার দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জননিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি বলেও দাবি করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, নির্বাচনের পর জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ক্রমেই হতাশায় পরিণত হচ্ছে।
বৈঠকে দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব আহমদ আব্দুল কাইয়ুম, লোকমান হোসেন জাফরী, মুফতি দেলওয়ার হোসাইন সাকী, মুফতি মোস্তফা কামাল, ডা. শহিদুল ইসলাম, অ্যাডভোকেট হাসিবুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!