রাজনীতি

সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রিজভী

আপডেট: এপ্রি ২৪, ২০২৬ : ০৬:১৫ এএম
সংকট মোকাবিলায় বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে: রিজভী

দেশে চলমান লোডশেডিং পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিদ্যুৎ সংকট নিরসনে বিদ্যুৎ মন্ত্রীকে আরও তৎপর হতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী চারু ও কারুশিল্পী দল আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, দেশে বিশেষ করে গ্রামাঞ্চলে তীব্র লোডশেডিং চলছে। রাজশাহীতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ কমাতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, “সংকট নেই—এভাবে বললে চলবে না। বাস্তবতা স্বীকার করে বিদ্যুৎ মন্ত্রণালয়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

বিদ্যুৎ ঘাটতির প্রসঙ্গ টেনে রিজভী দাবি করেন, দেশে প্রায় ৪ হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি রয়েছে। এই সংকট মোকাবিলায় সরকারের মন্ত্রীদের আরও দক্ষতা ও সক্রিয়তা দেখানোর আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক পরিস্থিতিকে বিদ্যুৎ ও জ্বালানি সংকটের কারণ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হচ্ছে। ইরান থেকে জাহাজ না আসার কারণে জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, “সংকট আন্তর্জাতিক কারণে সৃষ্টি হয়েছে। এটি কোনো নির্দিষ্ট সরকারের ব্যর্থতার বিষয় নয়। তবে জনগণকে বাস্তব পরিস্থিতি জানানো এবং তাদের আশ্বস্ত করা জরুরি।”

অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড. সুকোমল বড়ুয়া ও অধ্যাপক ড. আব্দুস সাত্তারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!