রাজনীতি

বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

আপডেট: এপ্রি ২৬, ২০২৬ : ০৫:৩৯ এএম
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি পক্ষ শুরু থেকেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

শনিবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে থেকেই বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার, প্রোপাগান্ডা ও ফেক ইনফরমেশনের মাধ্যমে জনগণের কাছ থেকে দলটিকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে এসব অপচেষ্টা সফল হয়নি।

তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে অপব্যবহার করে বিএনপির বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন কার্টুন ও প্রচারণার মাধ্যমে একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে এবং জনগণকে এ ধরনের “অপরাজনীতি”র বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।

তিনি জামায়াতে ইসলামীর আমিরের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন। এক সংবাদপত্রে প্রকাশিত বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে”—এ ধরনের মন্তব্য ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

মির্জা ফখরুল দাবি করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও দেশের বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে। সেই নির্বাচনের মাধ্যমেই বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনের সুযোগ পেয়েছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর এ ধরনের বক্তব্য শুধু অগ্রহণযোগ্যই নয়, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আসন্ন ১ মে শ্রমিক সমাবেশকে ঘিরে প্রস্তুতির কথাও জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, এদিন রাজধানীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

তিনি আরও বলেন, মে দিবসকে কেন্দ্র করে জেলা ও উপজেলা পর্যায়েও কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকায় এ সমাবেশকে রাজনৈতিক শপথ ও উৎসব হিসেবে পালন করা হবে। সংবাদ সম্মেলনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!