রাজনীতি

ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমছে: সাইফুল হক

আপডেট: এপ্রি ২৭, ২০২৬ : ০৫:৪৯ এএম
ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমছে: সাইফুল হক

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বহুল প্রত্যাশিত নির্বাচন এবং বিএনপির নেতৃত্বে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও দেশে রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। তাঁর ভাষায়, ‘ঈশাণকোণে রাজনৈতিক অস্থিরতার মেঘ জমতে শুরু করেছে।’

রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে অনুষ্ঠিত পার্টির কেন্দ্রীয় কমিটির সভার দ্বিতীয় দিনের অধিবেশনে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, নতুন সরকার গঠনের দুই মাসের মধ্যেই রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দেখা যাচ্ছে, যা জনমনে উদ্বেগ তৈরি করছে। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ ও অবিশ্বাস ক্রমেই বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে বিএনপি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও জনপরিসরে যথেষ্ট আত্মবিশ্বাসের ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে। তাঁর মতে, সরকারের রাজনৈতিক ও নৈতিক অবস্থান আরও সুসংহত হওয়া প্রয়োজন।
সংস্কার ইস্যুতে বিএনপির অবস্থান স্পষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং রাজনৈতিক বিতর্ক আরও জটিল হচ্ছে।
সাইফুল হক রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে চলমান সংকট থেকে বেরিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে তিনি বিএনপি ও নতুন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন।
সভায় কেন্দ্রীয় কমিটির সদস্যরা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সভায় সভাপতিত্ব করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!