শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম, দূরদর্শিতা ও আত্মবিশ্বাস তাঁকে স্বাধীনতা যুদ্ধের সময় এবং পরবর্তী রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সহায়তা করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে জিয়াউর রহমান দৃঢ় আত্মবিশ্বাসের পরিচয় দিয়েছিলেন।
খন্দকার মোশাররফ বলেন, সৈনিক জীবন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ, সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন এবং পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর উত্থান—সব মিলিয়ে জিয়াউর রহমানের জীবন ছিল ঘটনাবহুল। দেশের বিভিন্ন সংকটময় সময়ে তিনি নেতৃত্ব দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
মুক্তিযুদ্ধ–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ৭ নভেম্বর পর্যন্ত সময়টি ছিল দেশের জন্য অস্থির এক অধ্যায়। ওই সময়ের রাজনৈতিক ও সামরিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
জিয়াউর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের পর দেশে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন বলে দাবি করেন খন্দকার মোশাররফ। তাঁর ভাষ্য, রাষ্ট্র পরিচালনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচন ও রাজনৈতিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়েছিলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে জিয়াউর রহমান কৃষি, শিল্প, গ্রামীণ অবকাঠামো ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, পল্লী উন্নয়ন এবং উৎপাদনমুখী অর্থনীতি গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
বাংলাদেশি জাতীয়তাবাদের প্রসঙ্গ টেনে খন্দকার মোশাররফ বলেন, দেশের ভৌগোলিক পরিচয়কে ভিত্তি করে জাতীয় ঐক্য গড়ে তোলার চিন্তা থেকে জিয়াউর রহমান এ ধারণা সামনে এনেছিলেন।
তিনি আরও বলেন, তৈরি পোশাকশিল্প, পল্লী বিদ্যুতায়ন ও জ্বালানি খাতের বিভিন্ন উদ্যোগের ভিত্তি তাঁর সময়েই তৈরি হয়েছিল। এসব উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
বর্তমান প্রজন্মের উদ্দেশে খন্দকার মোশাররফ বলেন, দেশের ইতিহাস ও নেতৃত্বের বিভিন্ন অধ্যায় থেকে শিক্ষা নিয়ে তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!