রাজনীতি

ঢাকা মহানগর বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

আপডেট: জুন ০৬, ২০২৬ : ০৭:০২ এএম
ঢাকা মহানগর বাসযোগ্য নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা মহানগর এখন আর বাসযোগ্য মনে হয় না। নগরীতে শ্বাস নেওয়ার মতো পরিবেশ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আজ শনিবার (৬ জুন ২০২৬) রাজধানীর পল্টনে একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, “ঢাকা মহানগর আমাদের বাস করার জায়গা, কিন্তু এখন ঘর থেকে বের হলে নিঃশ্বাস নেওয়া যায় না। প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে।”

তিনি আরও বলেন, এ অবস্থা থেকে বের হতে না পারলে নগরীতে বসবাস করা কঠিন হয়ে পড়বে। নগর ব্যবস্থাপনা ও পরিবেশ রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ঢাকা শহর রক্ষায় দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক একটি আন্দোলনের কথা বলেছেন, যা নগরবাসীর জন্য মুক্ত বাতাস নিশ্চিত করা এবং বাসযোগ্য শহর গড়ার লক্ষ্য নিয়ে এগোবে।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একসময় বুড়িগঙ্গা নদীতে নৌকায় ঘোরাঘুরি করা যেত। এখন দূষণ ও দুর্গন্ধের কারণে নদীর কাছে যাওয়া যায় না।

তিনি আরও বলেন, তুরাগ নদীর অবস্থাও একই। নদীগুলোকে দূষণমুক্ত করতে কার্যকর প্রকল্প গ্রহণের প্রয়োজন রয়েছে। মির্জা ফখরুল বলেন, দেশপ্রেম নিয়ে কাজ করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর নগর ও দেশ গড়ে তুলতে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গীকার জরুরি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!