রাজনীতি

আধিপত্যের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন, যুবদল নেতা বহিষ্কার

আপডেট: জুন ০৯, ২০২৬ : ০৫:৫৭ এএম
আধিপত্যের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন, যুবদল নেতা বহিষ্কার

রাজধানীর রমনা থানার মৌচাক-আনারকলি মার্কেটসংলগ্ন এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল হোসেন তালুকদার (৫৫) খুন হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও নিহতের পরিবার।

সোমবার (৮ জুন) রাত আনুমানিক ৮টার দিকে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলসংলগ্ন আনারকলি সুপার মার্কেটের পার্কিং এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ছিলেন। তিনি পেশায় সিমেন্ট ও বালু ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকালে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিহতের ভাগনে মোবারক হোসেন আকাশ অভিযোগ করেন, ফুটপাত নিয়ন্ত্রণ ও সালিশি প্রক্রিয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, ঘটনার সময় কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাতে বিল্লালকে আঘাত করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, মৌচাক-আনারকলি এলাকায় ফুটপাত ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আধিপত্যের দ্বন্দ্ব চলছিল।

ঘটনার পরপরই সাংগঠনিক ব্যবস্থা নেয় যুবদল। অভিযুক্ত দিদারুল ইসলাম বাবুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আধিপত্য ও পূর্বশত্রুতার বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং রমনা থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশের একটি সূত্র বলছে, ফুটপাত নিয়ন্ত্রণ ও এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধই এ হত্যাকাণ্ডের পেছনে থাকতে পারে—এ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!