রাজনীতি

প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল: খুলনা বিএনপি

আপডেট: জুন ১২, ২০২৬ : ০৫:৩১ এএম
প্রস্তাবিত বাজেট অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল: খুলনা বিএনপি

জাতীয় সংসদে উত্থাপিত ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ‘জনমুখী, বাস্তবসম্মত ও অর্থনৈতিক পুনরুদ্ধারের অনন্য দলিল’ হিসেবে আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে খুলনা মহানগর বিএনপি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে দলের নেতারা বলেন, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার এ বাজেট দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বাজেট প্রণয়নের উদ্যোগের প্রশংসা করা হয়। নেতারা বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এ বাজেট দেশের উৎপাদন ও বিনিয়োগ কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

তাঁরা বলেন, রপ্তানিমুখী শিল্প, তৈরি পোশাক খাত এবং উৎপাদনশীল খাতের কাঁচামাল আমদানিতে অগ্রিম কর ও উৎসে কর কমানোর প্রস্তাব শিল্পায়নের গতি বাড়াবে। একই সঙ্গে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য বড় আকারের বরাদ্দ এবং বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য অবসরে গ্র্যাচুইটির প্রস্তাব সরকারের জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

খুলনা অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে নেতারা বলেন, বাজেটের সফল বাস্তবায়ন হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের তৃণমূল পর্যায়ের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং সাধারণ মানুষের করের চাপ কমানোর উদ্যোগ অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে।

বিবৃতিতে আরও বলা হয়, সুপরিকল্পিত এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি সামষ্টিক অর্থনীতির ভিত্তিকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!