রাজনীতি

বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

আপডেট: জুন ১৩, ২০২৬ : ০৫:৩২ এএম
বাজেটে অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম

প্রস্তাবিত বাজেটে দেশের অর্থনৈতিক কাঠামোয় কোনো বাস্তব সংস্কার হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বাজেটে যে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, দেশের ইতিহাসে কখনোই এ পরিমাণ রাজস্ব আদায় সম্ভব হয়নি। বর্তমান কর ও রাজস্ব কাঠামো বিবেচনায় এই লক্ষ্য অর্জন করা কঠিন।

তিনি বলেন, “আমরা আশা করেছিলাম বাজেটে বড় ধরনের অর্থনৈতিক সংস্কার আসবে। কিন্তু প্রস্তাবিত রূপরেখায় তেমন কোনো সংস্কারের দিকনির্দেশনা নেই।”

বাজেটের কিছু ইতিবাচক দিকও তুলে ধরেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো এবং কিছু পণ্যের কর কমানোর উদ্যোগকে তিনি ইতিবাচক বলে উল্লেখ করেন। তবে এসব উদ্যোগ কতটা বাস্তবায়নযোগ্য হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি বিদ্যুতের দাম বৃদ্ধিকে নজিরবিহীন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, অল্প সময়ের ব্যবধানে এভাবে দাম বৃদ্ধি আগে দেখা যায়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে তার দল বিভিন্ন কর্মসূচি পালন করছে বলেও জানান তিনি।

বাজেটে দুর্নীতি ও সুশাসনের ঘাটতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, বড় বাজেট মানেই দুর্নীতির সুযোগ বাড়ে, অথচ দুর্নীতি রোধে কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা নেই। কার্ড বিতরণ ও খাল খনন কর্মসূচির মতো খাতে জবাবদিহিতার অভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!