রাজনীতি

আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য: শফিকুর রহমান

আপডেট: সেপ্টে ১৯, ২০২৬ : ০৫:৫২ এএম
আমাদের লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের এ লং মার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

শনিবার সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে রংপুরের উদ্দেশে লং মার্চ শুরু হয়।

শফিকুর রহমান বলেন, ‘বিএনপি পানি খাবে, কিন্তু ঘোলা করে খাবে।’ আন্দোলন সফল করতে তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, তাঁরা সরকারের বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধেও নন। সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে চান। এ জন্য সংস্কার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, গণদাবি নিয়ে ১১ দল রাজপথে নেমেছে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের টালবাহানা মেনে নেওয়া হবে না বলেও মন্তব্য করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, গণভোটের গণরায় না মেনে সরকার প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে—এমন দাবি তুলে তিনি সরকারের ব্যর্থতার কথা জনগণের কাছে তুলে ধরার কথা বলেন। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারকে বাধ্য করার কথা জানান তিনি।

খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাশেম বলেন, ১৮ কোটি মানুষের গণদাবি নিয়ে তাঁরা রাজপথে নেমেছেন। তাঁর ভাষ্য, সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বিএনপির সমালোচনা করে বলেন, দেশকে ‘ফ্যাসিবাদমুক্ত’ করা ও ‘লুটপাট’ বন্ধের দাবিতে তাঁদের আন্দোলন চলছে।

১১ দলীয় ঐক্যের এই লং মার্চে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়েছে।

এর আগে সকালে মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর লং মার্চের বহর রংপুরের উদ্দেশে যাত্রা শুরু করে। পথে টঙ্গী ও গাজীপুরসহ বিভিন্ন এলাকায় পথসভা ও কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!