জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, বেগম খালেদা জিয়ার আশীর্বাদপুষ্ট এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ডা. জুবাইদা রহমান বলেন, গত ২৭ বছরে মানবসেবার ছোট চারাগাছ থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন আজ একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই উপলক্ষে তিনি ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ‘মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ—এই সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে।’
ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, সংগঠনটি সব সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে। মানবসেবামূলক কর্মকাণ্ডের মধ্য দিয়ে একদিন জিয়াউর রহমান ফাউন্ডেশন সারা বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। পরে ফাউন্ডেশনের বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত ‘আইডিয়া ফেস্ট’ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। এতে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ অন্যরা উপস্থিত ছিলেন।
১৯৯৯ সালের ১৮ অক্টোবর একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে যাত্রা শুরু করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। ‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’ স্লোগান নিয়ে সংগঠনটি দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!