রাজনীতি

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:১১ এএম ৫ ০
অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতাল ভবনের কনভেনশন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। ‘অস্টিওপোরোসিস: প্রতিরোধযোগ্য মহামারি’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

আজ সোমবার (১৯ অক্টোবর) বাসসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করবেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডা. মোহাম্মদ আবদুল মুহিত এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে অস্টিওপোরোসিস দিবস উদ্‌যাপন উপকমিটির আহ্বায়ক হিসেবে থাকবেন অধ্যাপক ডা. শেখ ফরহাদ। আয়োজক কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডা. মো. সিরাজুস সালেহীন।

সেমিনারে বিশেষজ্ঞদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, প্যানেল আলোচনা ও কুইজ অনুষ্ঠিত হবে। প্যানেল আলোচনায় অংশ নেবেন অধ্যাপক ডা. এরফানুল হক সিদ্দিকী, অধ্যাপক ডা. ফারুক কাশেম, অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, অধ্যাপক ডা. শামীম আহমেদ, ডা. শেখ ফরিদ আহমেদ এবং অধ্যাপক মোহাম্মদ বেলালুল ইসলাম।

এবারের বিশ্ব অস্টিওপোরোসিস দিবসের প্রতিপাদ্য ‘আজীবন হাড় গড়ুন, সুরক্ষা দিন ও শক্তিশালী করুন’। কর্মসূচিতে বৈজ্ঞানিক সহযোগিতা দিচ্ছে ইনসেপ্টা।

অস্টিওপোরোসিস হাড়ের ক্ষয়জনিত একটি রোগ। এ রোগে হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে, ফলে সামান্য আঘাতেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়ে। এ রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধের গুরুত্ব তুলে ধরতে প্রতিবছর ২০ অক্টোবর বিশ্ব অস্টিওপোরোসিস দিবস পালন করা হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!