রাজনীতি

ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

আপডেট: অক্টো ২০, ২০২৬ : ০৫:৫০ এএম ৫ ০
ইশরাকের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয়: মাহদী আমিন

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগকে রাজনৈতিক জীবনের সমাপ্তি হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তাঁর মতে, এ পদত্যাগের মধ্য দিয়ে ইশরাকের সামনে আরও বৃহত্তর ও জনমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মুক্ত হতে পারে।

সোমবার (১৯ অক্টোবর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব কথা লেখেন মাহদী আমিন। বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

মাহদী আমিন লেখেন, ‘এক সপ্তাহের জন্য পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি। এখান থেকে জানতে পারলাম, প্রিয় ভাই ও রাজপথের আপসহীন লড়াইয়ের অন্যতম মুখ ইশরাক হোসেন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।’

ইশরাক হোসেনের সঙ্গে নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁদের একসঙ্গে পথচলার অনেক স্মৃতি রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও জুলাই গণ-অভ্যুত্থানে ইশরাকের ভূমিকা এবং তাঁর পারিবারিক ঐতিহ্যের কথাও তুলে ধরেন মাহদী আমিন।

তিনি আরও লেখেন, বিএনপির ইয়ুথ এনগেজমেন্ট, কূটনৈতিক যোগাযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁদের রয়েছে। জাতীয়তাবাদী আদর্শ ও দেশপ্রেমের প্রতি ইশরাকের নিষ্ঠারও প্রশংসা করেন তিনি।

ইশরাকের সাম্প্রতিক কর্মকাণ্ডের পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে প্রশ্ন বা মতভিন্নতা থাকতে পারে উল্লেখ করে মাহদী আমিন বলেন, যে উদ্যোগকে কেন্দ্র করে এত আলোচনা তৈরি হয়েছে, তার লক্ষ্য, নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে ন্যূনতম দ্বিধার অবকাশ নেই।

‘জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে’

ইশরাকের পদত্যাগের তাৎপর্য তুলে ধরে মাহদী আমিন লেখেন, প্রতিমন্ত্রীর পদ কিংবা পদত্যাগপত্র দিয়ে তাঁর রাজনৈতিক পরিচয় ও আত্মত্যাগকে মূল্যায়ন করা যায় না। সাময়িক কোনো সিদ্ধান্তের চেয়ে দল, দেশ ও মানুষের কল্যাণে তাঁর অবদান এবং আন্তরিক অবস্থান অনেক বেশি অর্থবহ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, জনগণের সরকারের অবস্থান এখানে স্পষ্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের আস্থাভাজন, ত্যাগী ও জনপ্রিয় তরুণ নেতার কোনো উদ্যোগ বাস্তবায়ন নিয়েও বিতর্ক তৈরি হলে জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে।

তিনি লেখেন, রাষ্ট্র বিনির্মাণের যাত্রায় আগামী দিনগুলোতেও সরকারের প্রতিটি পর্যায়ে জবাবদিহির ধারা বজায় থাকবে বলে তাঁরা বিশ্বাস করেন।

‘আরও বৃহত্তর দায়িত্ব পালনের পথ খুলতে পারে’

ইশরাক হোসেনের পদত্যাগকে একটি নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন মাহদী আমিন। তাঁর ভাষায়, ‘ইশরাক হোসেনের এ ঐতিহাসিক, অভূতপূর্ব পদত্যাগ মোটে কোনো অধ্যায়ের সমাপ্তি নয়। বরং আত্মোপলব্ধি, সংশোধনী ও গণমানুষের ভালোবাসায় সামনে তার জন্য আরও বৃহত্তর ও গণমুখী রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে, ইনশাআল্লাহ।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!