লংমার্চ ও রোডমার্চের নামে সমাজে অশান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, সরকার ক্ষমতা গ্রহণের ছয় মাসের মধ্যেই অনেক উন্নয়নমূলক কাজ করেছে। এরপরও সরকারকে সহযোগিতা না করে লংমার্চ-রোডমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী তিতারকান্দি এলাকায় মহিলা দলের পরিচিতি সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, দেশের মানুষ ১৭ বছর অনেক কষ্টে ছিলেন। তাঁরা পরিবার-পরিজন নিয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারেননি। এখন আবার নতুন করে লংমার্চ-রোডমার্চের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। দেশের মানুষ এসব কর্মসূচি পছন্দ করেন না।
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, একটি রাজনৈতিক দলের কাজ কি সারা জীবন মিছিল-মিটিং করা? রাজনৈতিক নেতা-কর্মীদের দেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন ও ধর্মীয় কর্মকাণ্ডেও যুক্ত করতে হবে।
দেশে মাদকের বিস্তার রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কেউ মাদক বা অন্য কোনো অপকর্মের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, সে যত শক্তিশালীই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবে না।
পানিসম্পদমন্ত্রী আরও বলেন, অনেক কঠিন পরিস্থিতি মোকাবিলা করেই লক্ষ্যে পৌঁছাতে হবে। এ জন্য সবার সর্বাত্মক সহযোগিতা ও পারস্পরিক ঐক্য প্রয়োজন। গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি প্রমুখ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!