রাজনীতি

‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’, মুক্তির পর বললেন আখতারুজ্জামান

আপডেট: নভে ০৩, ২০২৬ : ০৫:১৭ এএম ৮ ০
‘সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না’, মুক্তির পর বললেন আখতারুজ্জামান

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান। মুক্তির পর তিনি বলেছেন, সত্য ও ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না। চূড়ান্ত জয় সত্যেরই হবে।

আজ মঙ্গলবার সকালে কারাগার থেকে মুক্তি পেয়ে কারাফটকে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। আখতারুজ্জামান বলেন, ‘আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। আজকে আমি সব সময় সকলের পক্ষে কথা বলার তৌফিক পেয়েছি। এই কয়েকদিন, এক মাসের কষ্টের পরেও আজকে আপনাদের সামনে এসে দাঁড়াতে পেরেছি।’

নিজের রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমরা সত্যের রাজনীতি করি, আমরা ন্যায়ের রাজনীতি করি। আমরা আল্লাহর সন্তুষ্টির রাজনীতি করি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি করি। সত্যের রাজনীতি কখনো পরাজিত হবে না। ন্যায়ের রাজনীতি কখনো পরাজিত হবে না।’

তিনি আরও বলেন, ‘সময় লাগতে পারে, কিন্তু চূড়ান্ত জয় সত্যের হবেই হবে, ন্যায়ের হবে। আমরা আল্লাহর পথে আছি। আমরা আল্লাহর শাসন কায়েম করার পক্ষে আছি। আমরা আল্লাহর সন্তুষ্টির পক্ষে আছি। এ দেশে মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীন বাংলাদেশে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।’

এ সময় সবার কাছে দোয়া চেয়ে আখতারুজ্জামান বলেন, জনগণের পাশে থাকা এবং তাঁদের অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য তিনি সবার দোয়া চান।

কারাফটকে তাঁকে স্বাগত জানাতে আসা নেতা-কর্মী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাঁদের উপস্থিতি তাঁর শক্তি। এ সময় মহিলা সংসদ সদস্যদের উপস্থিতির কথাও উল্লেখ করেন তিনি।

মুক্তির পর তাঁর রাজনৈতিক কর্মসূচি ও পরবর্তী বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান বলেন, প্রতিবাদ অব্যাহত থাকবে। তবে পরবর্তী পদক্ষেপের বিষয়ে কথা বলার আগে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে দেখা করে তাঁর নির্দেশনা নিতে চান তিনি।

আখতারুজ্জামান বলেন, ‘জামায়াতের আমির সাহেব আমার জন্য অপেক্ষা করছেন। আগে জামায়াতের আমির সাহেবের কাছে যাই। উনার কাছে পৌঁছি। উনার নির্দেশ নিয়ে, যা সত্য, অবশ্যই আপনাদের জানাবো, ইনশাআল্লাহ।’

এ সময় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!