আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা স্বাভাবিক রাখতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
পরীক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে কেন্দ্রসংলগ্ন সড়কে অপ্রয়োজনীয় যান চলাচল ও পার্কিং এড়িয়ে চলতে নগরবাসী ও যানবাহন চালকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণ-বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় ১২৭টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন ট্রাফিক স্বাভাবিক রাখতে এবং পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে নগরবাসীর সহযোগিতা জরুরি।
ডিএমপির নির্দেশনাগুলো হলো:
১. পরীক্ষার্থীরা পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রের উদ্দেশে রওনা দেবেন।
২. ব্যক্তিগত গাড়িতে এলে কেন্দ্রের সামনে না নেমে নিকটবর্তী কম ব্যস্ত স্থানে নেমে হেঁটে কেন্দ্রে যেতে হবে। একইভাবে ফেরার সময়ও কিছুটা দূর থেকে গাড়িতে উঠতে হবে।
৩. কেন্দ্রসংলগ্ন সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। এ ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
৪. অভিভাবকদের কেন্দ্রের আশপাশে অবস্থান না করার অনুরোধ জানানো হয়েছে। সড়কে ভিড় করে যান চলাচলে বাধা সৃষ্টি করলে তা সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
৫. পরীক্ষা শুরুর আড়াই ঘণ্টা আগে থেকে জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ যাত্রীদের কেন্দ্রসংলগ্ন সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
৬. কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য কারও অবস্থান নিষিদ্ধ থাকায় এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!