রাজধানী

রায়ের পরও পুনর্বহাল নয়, মানববন্ধনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৬:০০ এএম
রায়ের পরও পুনর্বহাল নয়, মানববন্ধনে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা

প্রশাসনিক ট্রাইব্যুনাল ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের রায়ে পক্ষে সিদ্ধান্ত পাওয়ার পরও চাকরিতে ফিরতে না পেরে মানববন্ধন করেছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। পুনর্বহালের দাবিতে রোববার সকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া সাবেক পুলিশ সদস্যরা অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে তুচ্ছ ও ছোটখাটো অভিযোগে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তারা প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেন এবং সেখানে রায় তাদের পক্ষে আসে। পরবর্তীতে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালও সেই রায় বহাল রাখে।

চাকরিচ্যুত উপপরিদর্শক (এসআই) জাকারিয়া মোস্তফা বলেন, আদালত থেকে ন্যায়বিচার পাওয়ার পরও পুলিশ সদর দপ্তর তা কার্যকর করছে না। বরং বিষয়টি উচ্চ আদালতে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি অভিযোগ করেন, অনেক ক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত দেওয়ার মতো বিষয়কে কেন্দ্র করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে তাদের চাকরি হারাতে হয়েছে, যা তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।

অংশগ্রহণকারীরা জানান, প্রশাসনিক ট্রাইব্যুনাল (জজ কোর্ট সমমান) ও প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল (হাইকোর্ট সমমান) তাদের পক্ষে রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং ‘সিভিল পিটিশন ফর লিভ টু আপিল’ (সিপিএল) করে বিষয়টি সুপ্রিম কোর্টে নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে মামলার চূড়ান্ত নিষ্পত্তি হতে দীর্ঘ সময় লাগতে পারে।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, একই ধরনের রায়ের ভিত্তিতে আগে ১৩০ থেকে ১৫০ জন পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হলেও বর্তমানে আরও অনেককে বঞ্চিত করা হচ্ছে।

তাদের দাবি, বৈষম্য না করে আদালতের রায়ের ভিত্তিতে দ্রুত পুনর্বহালের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করে তাদের চাকরিতে ফিরিয়ে নেওয়া হোক।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং ভবিষ্যতেও আইনানুগ উপায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!