রাজধানী

ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি ও জাল নোট শনাক্তকরণ মেশিন

আপডেট: মে ২২, ২০২৬ : ০৫:০২ এএম
ঢাকায় পশুর হাটে নিরাপত্তা জোরদারে পুলিশ ক্যাম্প, সিসিটিভি ও জাল নোট শনাক্তকরণ মেশিন

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার এবং জাল নোট শনাক্তকরণ মেশিন বসানো হবে।

ডিএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন বাসসকে জানান, ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতা ও দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রাজধানীর সব পশুর হাট ও আশপাশের এলাকায় ইউনিফর্মধারী ও সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে টহল দল সার্বক্ষণিক নজরদারি চালাবে।

ডিএমপি মুখপাত্র আরও বলেন, হাটগুলোর নিরাপত্তা জোরদারে সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানো হচ্ছে এবং গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে। তিনি জানান, যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও মোতায়েন থাকবে এবং রাজধানীর প্রবেশ ও বাহিরমুখী প্রধান সড়কে চেকপোস্ট জোরদার করা হবে। এসব চেকপোস্ট ২৪ ঘণ্টা কার্যকর থাকবে।

জাল নোটের ব্যবহার ঠেকাতে এবার পশুর হাটে ১৫০টি শনাক্তকরণ মেশিন বসানো হবে বলে জানান তিনি। পাশাপাশি সিটি করপোরেশন, ইজারাদার ও ব্যাংকগুলোকে আরও মেশিন স্থাপনের অনুরোধ করা হয়েছে।

নাসিরউদ্দিন বলেন, ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান চলছে। ১ মে থেকে পরিচালিত অভিযানে এখন পর্যন্ত ১ হাজার ৯০০-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে চিহ্নিত চাঁদাবাজও রয়েছে।

তিনি আরও বলেন, ঈদের সময় বড় অঙ্কের অর্থ পরিবহনে নিরাপত্তা দিতে ‘মানি এসকর্ট’ সেবা চালু থাকবে। পাশাপাশি শপিং মল ও বাণিজ্যিক এলাকায় নারী পুলিশসহ অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে।

ঈদের ছুটিতে নগরবাসীর অনেকেই গ্রামের বাড়ি চলে যাওয়ায় আবাসিক এলাকায় চুরি-ডাকাতি প্রতিরোধে বিশেষ টহল জোরদার করা হবে বলেও জানান তিনি।

এ বছর রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে, যার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৬টি হাট রয়েছে। স্থায়ী সারুলিয়া হাট এবার বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!