ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান বলেছেন, যত বাধা-বিপত্তি আসুক না কেন, জনস্বার্থে ভালো কাজ অব্যাহত থাকবে। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
শনিবার রাজধানীর ৯ নম্বর ওয়ার্ডের হরিরামপুর সার্বজনীন শ্মশানঘাটে বৈদ্যুতিক মানবদেহ চুল্লি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে রাজনৈতিক ও সামাজিক ঐক্য প্রয়োজন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এমন কাজ করতে হবে যাতে কোনোভাবেই দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন না হয়।
তিনি বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সমান নাগরিক সুবিধা দিতে হবে। একটি অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ নগরী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
ডিএনসিসি প্রশাসক আরও বলেন, “আমরা মানুষ হিসেবে মানুষের পাশে থাকব”—এই প্রতিশ্রুতি নিয়েই নগর পরিচালনা করতে হবে। ডেঙ্গু নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি নাগরিকদের সহযোগিতা কামনা করে বলেন, বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি পরিষ্কার রাখতে হবে, যাতে এডিস মশার বিস্তার রোধ করা যায়। পাশাপাশি খাল ও জলাশয়ে ময়লা না ফেলার জন্যও তিনি আহ্বান জানান।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে প্রশাসক বলেন, ওয়ার্ড পর্যায়ে যারা কাউন্সিলর প্রার্থী হতে চান, তাদের অবশ্যই জনসেবার মাধ্যমে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। সেবামূলক কাজের ভিত্তিতেই প্রার্থীদের মূল্যায়ন করা হবে।
অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আহমেদ মিষ্টিসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ডিএনসিসির অঞ্চল-৪-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা এবং শ্মশান কমিটির নেতারা অংশ নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!