রাজধানী

শেষ আষাঢ়ের টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, ভোগান্তিতে নগরবাসী

আপডেট: জুলা ১২, ২০২৬ : ০৬:০০ এএম
শেষ আষাঢ়ের টানা বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক, ভোগান্তিতে নগরবাসী

আষাঢ়ের শেষ প্রহরে টানা ভারী বৃষ্টিতে আবারও জলাবদ্ধ হয়ে পড়েছে রাজধানী ঢাকা। রোববার ভোর থেকে বিরামহীন বর্ষণে নগরের বিভিন্ন সড়ক ও অলিগলিতে হাঁটু থেকে কোথাও কোথাও কোমরসমান পানি জমেছে। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে।

সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা গেছে মোহাম্মদপুর, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ইসিবি চত্বর, মালিবাগ, শান্তিনগর, সায়েদাবাদ, আগারগাঁও–জাহাঙ্গীর গেট সড়ক, খামারবাড়ি–ফার্মগেট, তেজগাঁও ট্রাকস্ট্যান্ড এলাকা, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর-১৩, কালশী, হাতিরঝিল, গুলশান লেকপাড়, কাঁলাচাঁদপুর ও বারিধারার বিভিন্ন সংযোগ সড়কে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে গত ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার এবং সর্বশেষ ২৪ ঘণ্টায় ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি মাসে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। সংস্থাটি জানিয়েছে, দিনভর ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টানা বৃষ্টিতে নগরের নিচু এলাকা ও অলিগলিতে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়। অনেক সড়কে ধীরগতিতে যানবাহন চলতে দেখা যায়। কোথাও কোথাও পানিতে যানবাহনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার ঘটনাও ঘটেছে।

জরুরি প্রয়োজনে বের হওয়া কারওয়ান বাজারের বাসিন্দা আব্দুস সালাম বলেন, ভোর থেকেই ভারী বৃষ্টি হচ্ছিল। গুলশানে যাওয়ার পথে বিভিন্ন এলাকায় সড়কে পানি জমে থাকতে দেখেছেন। এতে স্বাভাবিক চলাচল ব্যাহত হয়েছে।

সিএনজিচালক আনোয়ার হোসেন বলেন, বিজয় সরণি, তেজগাঁও ও হাতিরঝিলমুখী সড়কের কয়েকটি স্থানে পানি জমে ছিল। কিছু সিএনজিচালকের গাড়ি পানিতে বিকল হয়ে যাওয়ায় সেগুলো ঠেলে সরাতে দেখা গেছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানিয়েছে, রাতভর ভারী বৃষ্টির কারণে কাজীপাড়া মেট্রো স্টেশনের উভয় পাশে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। জমে থাকা পানি দ্রুত অপসারণে সংস্থার কর্মীরা মাঠে কাজ করছেন।

আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে নিচু এলাকায় জলাবদ্ধতা ও নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!