বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধানমন্ডি থেকে নিউমার্কেটমুখী সড়ক অবরোধ করেন।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘দফা এক, দাবি এক—মিলনের পদত্যাগ’ স্লোগান দিয়ে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি জানান। তাঁদের হাতে পরীক্ষা স্থগিত ও জবাবদিহির দাবিসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।
সড়ক অবরোধের ফলে ধানমন্ডি–নিউমার্কেট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, বৈরী আবহাওয়া, বন্যা ও জলাবদ্ধতার বাস্তবতা বিবেচনায় না নিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। এতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকের জন্য সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ে।
বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, তাঁরা পরীক্ষার বিরোধিতা করছেন না; তবে সব পরীক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত না করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। তাঁদের দাবি, শিক্ষার্থীদের দুর্ভোগের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!