রাজধানীতে, বিশেষ করে নীরব (সাইলেন্ট) এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে স্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার ডিএমপি সদর দপ্তরে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও কার্যকর, আধুনিক ও নাগরিকবান্ধব করার লক্ষ্যেই সভাটির আয়োজন করা হয়।
সভায় মহানগরের যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন প্রয়োগ, প্রযুক্তিনির্ভর কার্যক্রম সম্প্রসারণ এবং জনসেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মাঠপর্যায়ের সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাব্য সমাধানও তুলে ধরেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।
ডিএমপি কমিশনার বলেন, শব্দদূষণ শুধু পরিবেশের জন্য নয়, জনস্বাস্থ্যের জন্যও একটি বড় সমস্যা। তাই নীরব এলাকায় স্পষ্ট সাইনবোর্ড স্থাপন এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিরুৎসাহিত করতে হবে।
তিনি কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে রাজধানীবাসীকে আরও উন্নত ও মানসম্মত ট্রাফিক সেবা দিতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।
সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!