রাজধানী

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট

আপডেট: আগ ০৪, ২০২৬ : ০৬:১০ এএম
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৫৮, উদ্ধার ২৮ লাখ টাকার জালনোট

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে ২৮ লাখ টাকার জালনোট, মাদক, অস্ত্র ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৬৪টি মামলা করা হয়েছে।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৪ জন, লালবাগ থেকে ৩৭ জন, ওয়ারী থেকে ৪৯ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৭ জন, মিরপুর থেকে ১৩৫ জন, গুলশান থেকে ৩১ জন, উত্তরা থেকে ৭১ জন, গোয়েন্দা (ডিবি) বিভাগ থেকে ৬ জন এবং কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে ২ জনকে আটক করা হয়েছে।

অভিযানে উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে ১১ কেজি ৯৮০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৩৩৬টি ইয়াবা, ৯০ বোতল ফেনসিডিল, একটি ওয়ান শটারগান, একটি সামুরাই, ১৭টি মোবাইল ফোন, ৩০টি খালি চেক বইয়ের পাতা, এক হাজার ৮০ টাকা নগদ অর্থ এবং ২৮ লাখ টাকার জালনোট।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এসব গ্রেপ্তার ও উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!