রাজধানী

বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেশির ভাগের দাম ৬০–৮০ টাকা

আপডেট: আগ ১৪, ২০২৬ : ০৫:২২ এএম
বাজারে সবচেয়ে দামি সবজি শিম, বেশির ভাগের দাম ৬০–৮০ টাকা

টানা বৃষ্টির কারণে কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা সবজির দাম এখন কমতে শুরু করেছে। গত দুই সপ্তাহে বাজারে বেশির ভাগ সবজির দাম কিছুটা কমেছে। বর্তমানে অধিকাংশ সবজি কেজিপ্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

তবে মৌসুম শুরু না হওয়ায় শিম এখন বাজারের সবচেয়ে দামি সবজি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এ ছাড়া সরবরাহ কম থাকায় টমেটো, গাজর ও কাঁচা মরিচের মতো কয়েকটি সবজি ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

কোন সবজির কত দাম

রাজধানীর বাজারগুলোতে আজ প্রতি কেজি পটল ৭০, শসা ৬০, করলা ৮০, বরবটি ৮০, ধুন্দুল ৬০, ঝিঙা ৮০ এবং চিচিঙ্গা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া গোল বেগুন ৮০, কাঁকরোল ৮০, গাজর ১২০, পেঁপে ৪০, ঢ্যাঁড়স ৬০, শিম ২০০, কাঁচা মরিচ ১২০, টমেটো ১২০, কচু ৮০, মিষ্টি কুমড়া ৬০, মুলা ৮০ এবং কচুর লতি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং লাউ প্রতি পিস ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

‘দুই–তিন সপ্তাহ আগের তুলনায় দাম কমেছে’

সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে আসা সরকারি চাকরিজীবী রাজিব আহমেদ বলেন, কয়েক সপ্তাহ আগে সবজির দাম অনেক বেড়ে গিয়েছিল। সে তুলনায় এখন দাম কিছুটা কমেছে।

তিনি বলেন, বর্তমানে শিম সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। প্রতি কেজি শিমের দাম ২০০ টাকা। এ ছাড়া দুই–তিন ধরনের সবজির দাম ১২০ টাকার মতো। অন্য বেশির ভাগ সবজি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। ফলে সামগ্রিকভাবে সবজির বাজার এখন কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে।

‘সরবরাহ ঠিক থাকলে দাম আরও স্থিতিশীল থাকবে’

মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, আজ সবজির বাজার তুলনামূলক কম। দুই–তিন সপ্তাহ আগে সবজির দাম এতটাই বেড়েছিল যে অনেক ক্রেতা আধা কেজি বা ২৫০ গ্রাম করে সবজি কিনতেন।

তিনি বলেন, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। অধিকাংশ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যে নেমে এসেছে। শিমের মৌসুম এখনো শুরু না হওয়ায় এটি বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।

সিরাজুল ইসলাম বলেন, টমেটো ও গাজরের মৌসুম এখনো শুরু হয়নি। তাই এগুলোর দাম কেজিপ্রতি ১২০ টাকা। টানা বৃষ্টিতে ফসলের ক্ষতি না হলে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!