১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েনের পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে জলকামান।
শনিবার সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথে ব্যারিকেড দেখা গেছে। ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখা যায়। এর পাশেই প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামান। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সকাল পর্যন্ত ধানমন্ডি ৩২ নম্বরে কাউকে ফুল দিতে আসতে দেখা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন, সকাল থেকে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পুরো এলাকা নিরাপত্তার আওতায় রয়েছে। ৩২ নম্বরের পশ্চিম পাশেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার
১৫ আগস্ট ঘিরে রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকায় পিকেট ও তল্লাশিচৌকি পরিচালনা করা হচ্ছে। মহানগরের প্রবেশপথগুলোতে নিরাপত্তাচৌকি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। ডিবি ও সিটিটিসির সদস্যদেরও বিভিন্ন অপারেশনাল কার্যক্রমে মোতায়েন রাখা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগমস্থলে সোয়াট, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ ইউনিট এবং ডগ স্কোয়াডের সদস্যরা সুইপিং কার্যক্রম পরিচালনা করবেন।
সিসিটিভি ও ড্রোনে নজরদারি
ডিএমপি জানিয়েছে, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো বিশেষ নিরাপত্তা পরিকল্পনার আওতায় রাখা হয়েছে। এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি করা হবে। সিটিএসবি ও ডিএমপির অভ্যন্তরীণ গোয়েন্দা বিভাগের সদস্যরা সাদাপোশাকে তথ্য সংগ্রহ ও গোয়েন্দা কার্যক্রম চালাবেন। সার্বিক নিরাপত্তা জোরদারে অতিরিক্ত র্যাব ও সিআইডি সদস্যও মোতায়েন থাকবে।
জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় কুইক রেসপন্স টিম (কিউআরটি) প্রস্তুত রাখা হয়েছে। স্বাভাবিক মোতায়েনের বাইরে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্ট, অনুষ্ঠানস্থল, মেট্রোস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট, রেলস্টেশন, শপিংমলসহ সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থেকে নিজ নিজ এলাকার নিরাপত্তাব্যবস্থা তদারকি করবেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গণি বলেন, ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ কোনো সংগঠন যাতে নাশকতা ঘটাতে না পারে, সে জন্য ডিএমপির বিভিন্ন বিভাগের সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে ১৫ আগস্ট ঘিরে কোনো হুমকি বা নাশকতার আশঙ্কা নেই বলে জানান তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!