রাজধানী

তিন শহরে নারীদের জন্য বিশেষ বাস, চালু হচ্ছে আজ

আপডেট: আগ ১৮, ২০২৬ : ০৬:০৫ এএম
তিন শহরে নারীদের জন্য বিশেষ বাস, চালু হচ্ছে আজ

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে ঢাকাসহ দেশের তিন শহরে বিশেষ মহিলা বাস সার্ভিস চালু করছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আজ মঙ্গলবার থেকে এ সেবা চালু হওয়ার কথা রয়েছে।

আজ সকাল ১০টায় রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হবে। উদ্বোধনের দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলাচল শুরু হবে। বুধবার থেকে নিয়মিতভাবে এ সার্ভিস চালু হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

ঢাকায় যেসব পথে চলবে

বিআরটিসি সূত্র জানায়, রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা যুক্ত করে নারী যাত্রীদের জন্য বাসের রুট নির্ধারণ করা হয়েছে।

মতিঝিল বাস ডিপোর অধীনে একটি রুটে কোকা-কোলা, নতুনবাজার, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা, আবুল হোটেল, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

একই ডিপোর আরেকটি রুট হবে তালতলা, খিলগাঁও রেলগেট, বাসাবো, বুদ্ধমন্দির, মুগদা, কমলাপুর রেলস্টেশন, আরামবাগ, শাপলা চত্বর ও সচিবালয় হয়ে মতিঝিল।

যাত্রাবাড়ী বাস ডিপোর অধীনে ডেমরা স্টাফ কোয়ার্টার, বাঁশের পুল, কাজলা, যাত্রাবাড়ী, জনপথ মোড়, গুলিস্তান, পল্টন, সচিবালয় ও মৎস্য ভবন হয়ে জিপিও পর্যন্ত বাস চলাচল করবে।

মোহাম্মদপুর বাস ডিপোর অধীনে মোহাম্মদপুর, শংকর, ধানমণ্ডি-১৫, সিটি কলেজ, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বাস যাবে।

কল্যাণপুর বাস ডিপোর অধীনে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।

মিরপুর বাস ডিপোর অধীনে একটি রুটে মিরপুর-১২, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলাচল করবে। আরেকটি রুটে মিরপুর-১২, মিরপুর-১০, মিরপুর-১, টেকনিক্যাল, শ্যামলী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল যাবে বাস।

জোয়ারসাহারা বাস ডিপোর অধীনে আবদুল্লাপুর, বিমানবন্দর, খিলক্ষেত, বিশ্বরোড, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ, প্রেস ক্লাব ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলাচল করবে।

গাজীপুর বাস ডিপোর অধীনে গাজীপুর, শিববাড়ী, গাজীপুর চৌরাস্তা, বোর্ডবাজার, মালেকের বাড়ি, গাজীপুরা, কলেজগেট, স্টেশন রোড, আবদুল্লাপুর ও আশপুর হয়ে বিমানবন্দর পর্যন্ত বাস চলবে।

চট্টগ্রাম ও বগুড়ায়ও বাস

রাজধানীর বাইরে চট্টগ্রাম ও বগুড়াতেও নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে।

চট্টগ্রামে কালুরঘাট, কাপ্তাই রাস্তার মাথা, বহদ্দারহাট, মুরাদপুর, ২ নম্বর গেট, জিইসি মোড় ও লালখান বাজার পর্যন্ত একটি রুটে বাস চলবে। এ ছাড়া কালুরঘাট থেকে পতেঙ্গা রুটেও দুটি বাস চলাচল করবে।

বগুড়ায় শেরপুর-মাটিডালি রুটে দুটি বাস চলবে।

নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি গণপরিবহনে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এ বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!