রাজধানী

২৮৮ পরিবারের পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দের দাবিতে  গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন

আপডেট: আগ ২৫, ২০২৬ : ০৫:৪০ এএম ১৮
২৮৮ পরিবারের পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দের দাবিতে  গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন

রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এস্টেটের ‘ডি’ টাইপ কলোনিতে দীর্ঘদিন বসবাসকারী ও ২০২২ সালের ২৩ নভেম্বর উচ্ছেদ হওয়া ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন, ফ্ল্যাট বরাদ্দ, বৈষম্য নিরসন এবং আদালতের রায় ও আদেশ পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতির উদ্যোগে কর্মসূচির প্রথম ধাপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন ও স্থায়ী ঠিকানা পুনঃপ্রতিষ্ঠার দাবি জানান। তাঁরা বলেন, দীর্ঘদিন ধরে বসবাস করা পরিবারগুলোকে উচ্ছেদের পর পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দের ক্ষেত্রে ন্যায়সংগত সমাধান নিশ্চিত করা প্রয়োজন।

কর্মসূচি থেকে আট দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট রায় ও আদেশ যথাযথভাবে বাস্তবায়ন; উচ্ছেদকৃত ২৮৮টি পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন ও ফ্ল্যাট বরাদ্দ; ক্ষতিগ্রস্তদের জন্য সহজ ও মানবিক কিস্তি সুবিধা নিশ্চিত করা এবং তৎকালীন পরিস্থিতিতে আবেদন করতে না পারা ৩৫টি পরিবারকে যথাযথ যাচাই সাপেক্ষে পুনরায় আবেদনের সুযোগ দেওয়া।
এ ছাড়া ডি-৫ থেকে ডি-৮ ভবনের সাবেক বাসিন্দা ও যোগ্য আবেদনকারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে বিষয়টি পুনর্বিবেচনা, কনকচাঁপা প্রকল্পে প্রয়োজনীয় অতিরিক্ত লিফট স্থাপন এবং দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বাইতুস সুজুদ জামে মসজিদকে ভবিষ্যৎ প্রকল্পের পরিকল্পনায় অন্তর্ভুক্ত বা সংরক্ষণের দাবি জানানো হয়।
দাবির তালিকায় সংশ্লিষ্ট প্রসপেক্টাসের শর্তের সঙ্গে ২৩ জুলাই ২০২৬ তারিখের সরকারি নির্দেশনার প্রয়োজনীয় সামঞ্জস্য নিশ্চিত করার বিষয়টিও রয়েছে।
মোহাম্মদপুর হাউজিং এস্টেট ‘ডি’ টাইপ কলোনী কল্যাণ সমিতির সভাপতি মরগুব আহমেদ নাজম উদ্দীন বলেন, ২৮৮টি ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায়সংগত পুনর্বাসন, ফ্ল্যাট বরাদ্দ এবং স্থায়ী ঠিকানা পুনঃপ্রতিষ্ঠার জন্য তাঁরা শান্তিপূর্ণ ও আইনানুগ কর্মসূচি পালন করছেন। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টির সমাধান করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সমিতির পক্ষ থেকে কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, ডি-টাইপ কলোনির বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, রিপোর্টার, ফটোসাংবাদিক ও ক্যামেরাপারসনদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!