দেশজুড়ে ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। পূজা কমিটির সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের সহযোগিতার কারণে এটি সম্ভব হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইজিপি এসব কথা বলেন।
প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে পূজা উদ্যাপন সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এ বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে এবং গুজব থেকে দূরে থাকতে হবে।
আইজিপি বলেন, দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই চালিয়ে যেতে হবে। ধর্ম, মত ও বর্ণের ভিন্নতা থাকলেও দেশ সবার—এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণেরই হই না কেন, দেশটি আমাদেরই। সব অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।’
পুলিশের ঘুরে দাঁড়ানোর কথা তুলে ধরলেন আইজিপি
৫ আগস্ট-পরবর্তী সময়ে পুলিশের কার্যক্রমে বড় ধরনের বিঘ্নের কথা উল্লেখ করে আইজিপি বলেন, ওই সময় পাঁচ থেকে সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না, সবাই উদ্বিগ্ন ছিলেন। ছিনতাই, রাহাজানি, ডাকাতিসহ নানা ধরনের অঘটন ঘটেছিল।
তিনি বলেন, সবার সহযোগিতায় বাংলাদেশ পুলিশ সেই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে। সব অপশক্তি, অন্যায় ও বৈষম্য দূর করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখার পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে সক্ষম হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
এদিকে পূজা উদ্যাপন পরিষদের নেতারা দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানান। তাঁরা বলেন, পুলিশ সব পূজামণ্ডপ নিরাপত্তার আওতায় রেখেছে। ফলে ভক্তরা নিরাপদে পূজা উদ্যাপন করতে পারছেন।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পূজা উদ্যাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!