রাজধানী

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট ও গণপরিবহনে ভিড়

আপডেট: অক্টো ২৫, ২০২৬ : ০৫:৩২ এএম ৩ ০
ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট ও গণপরিবহনে ভিড়

দুর্গাপূজার পাঁচ দিনের ছুটি শেষে আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই সড়কে বেড়েছে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে যানজট। গণপরিবহনে ছিল যাত্রীদের ভিড়, বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে অনেককে।

কোথাও যানবাহনের দীর্ঘ সারি, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী—সব মিলিয়ে ছুটি শেষে চেনা কর্মব্যস্ততায় ফিরেছে রাজধানী।

রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণে মুখর হয়ে ওঠে সড়ক ও ফুটপাত। একই সঙ্গে বাড়ে গণপরিবহনের যাত্রীসংখ্যা ও যানবাহনের চাপ।

সকাল থেকেই যানবাহনের চাপ

সরেজমিনে দেখা যায়, সকাল আটটার পর থেকে সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। বিভিন্ন স্থানে বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করেন যাত্রীরা। বাস এলে তাতে ওঠার জন্য হুড়োহুড়ি করতে দেখা যায় অনেককে। কেউ কেউ আসন না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে যান, আবার ভিড়ের কারণে অনেকে বাসে উঠতে না পেরে পরবর্তী বাসের জন্য অপেক্ষা করেন।

যাত্রী ওঠানো-নামানোর সময় বিভিন্ন স্থানে যানবাহনের গতি কমে আসে। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলের চলাচলও ছিল চোখে পড়ার মতো।

রামপুরা ও বাড্ডা এলাকায় সকাল থেকেই কর্মজীবী মানুষের ব্যস্ততা দেখা যায়। সড়কের এক পাশে বাসের অপেক্ষায় যাত্রীদের সারি, অন্য পাশে যানবাহনের দীর্ঘ লাইন। যানবাহনের চাপ বাড়ায় অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে।

হাতিরঝিল এলাকায়ও কর্মস্থলে ফেরার ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে গন্তব্যের দিকে ছুটছিলেন। মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যানবাহনের চাপ যুক্ত হয়ে বিভিন্ন স্থানে ধীরগতির সৃষ্টি হয়।

পল্টন এলাকায় সকাল থেকেই মানুষের চলাচল বাড়ে। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো ব্যস্ত হয়ে ওঠে। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছিলেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছিলেন। যানবাহনের চাপের মধ্যে চালকদেরও সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

সকাল ১০টার পর কমে যানজট

বাড্ডা এলাকায় দায়িত্ব পালন করা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজট হয়েছে। তবে তাঁরা পরিস্থিতি সামাল দিয়েছেন। এখন যানবাহনের চাপ কমেছে, তেমন যানজট নেই।

সড়কে যানবাহনের চাপ বাড়ায় গণপরিবহনের চালকদেরও বাড়তি সতর্কতা নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর আজ সড়কে গাড়ি ও যাত্রী—দুইয়ের চাপই বেশি। যানজটের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে বেশি সময় লাগছে। যাত্রী ওঠানো-নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে।

বাসে ভোগান্তি, পথে বাড়তি সময়

অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন বলেন, ছুটির পর কাজে বের হয়ে সকালে অনেক মানুষের ভিড় দেখেছেন। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। বাসে উঠতে পারলেও অতিরিক্ত ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন। সড়কে যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হয়।

পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। আজ সকাল থেকে আবার আগের মতো ভিড় দেখা যাচ্ছে। যানবাহনের চাপের কারণে রাস্তা পার হতেও অপেক্ষা করতে হচ্ছে।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি ছিল। ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল। ফলে সকালবেলার ব্যস্ত সময়ে যানজট ও গণপরিবহনে ভিড়ের মধ্য দিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছে ঢাকা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!