রাজধানী

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

আপডেট: নভে ০৩, ২০২৬ : ০৫:০৭ এএম ৮ ০
মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের মিরপুর-১১ স্টেশন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে শ্রমিক ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে মেট্রোরেলের মিরপুর-১১ নম্বর স্টেশনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল থেকে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে তাঁদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের এই আন্দোলন আজ চতুর্থ দিনে গড়িয়েছে।

মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়। কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই ওই এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। যাত্রী ও স্টেশনের নিরাপত্তার কথা বিবেচনা করে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না। যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশন আবার চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!