শিক্ষা

পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

আপডেট: অক্টো ২২, ২০২৬ : ০৫:১৬ এএম ১ ০
পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বে ৭৪তম ঢাকা বিশ্ববিদ্যালয়

পারিবারিক ব্যবসাবিষয়ক গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান ওয়াইফু ফাউন্ডেশন প্রকাশিত ‘ফ্যামিলি বিজনেস রিসার্চ ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের ২ হাজার ৩৪৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৭৪তম হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

সম্প্রতি প্রকাশিত এ সূচকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ অবস্থানের কথা আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর।

পারিবারিক ব্যবসা বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়গুলোর অবদান মূল্যায়নের জন্য এ সূচক তৈরি করা হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন বছরে ওপেন অ্যালেক্সে সূচিবদ্ধ গবেষণাপত্রের ভিত্তিতে এ র‍্যাঙ্কিং করা হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণাকর্ম এবং সংশ্লিষ্ট গবেষণা সাময়িকীর অবস্থান বিবেচনায় নেওয়া হয়েছে।

ওপেন অ্যালেক্স বিশ্বব্যাপী গবেষণা প্রকাশনা ও সংশ্লিষ্ট তথ্যের একটি উন্মুক্ত ও বিনা মূল্যের তথ্যভান্ডার। ওয়াইফু ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, র‍্যাঙ্কিংবিহীন সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রের জন্য শূন্য স্কোর নির্ধারণ করা হয়েছে।

ওয়াইফু ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয় ২০০৯ সালে। জার্মানির উইটেন শহরে প্রতিষ্ঠানটির সদর দপ্তর। পারিবারিক ব্যবসা, উদ্যোক্তা পরিবার এবং পারিবারিক ব্যবসার দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গবেষণা, শিক্ষা ও জ্ঞান বিনিময়ে কাজ করে প্রতিষ্ঠানটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, পারিবারিক ব্যবসা গবেষণায় বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া আনন্দ ও গর্বের বিষয়। এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের গবেষণাকর্মে আরও উৎসাহ জোগাবে।

উপাচার্য আরও বলেন, গবেষণার গুণগত মান বৃদ্ধি, আন্তর্জাতিক মানের গবেষণা প্রবন্ধ প্রকাশ এবং নতুন জ্ঞান সৃষ্টির মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে আরও মর্যাদাপূর্ণ অবস্থানে নিতে চান তাঁরা। এ লক্ষ্য অর্জনে গবেষকদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি এবং গবেষণার পরিধি সম্প্রসারণে গুরুত্ব দিয়ে কাজ করা হবে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!