ফুটবল মাঠে প্রতিপক্ষের আক্রমণ ঠেকিয়ে যিনি একসময় ‘ডিফেন্সের দেয়াল’ হিসেবে পরিচিত ছিলেন, সেই সার্জিও রামোস এবার কি ক্লাব পরিচালনার কেন্দ্রবিন্দুতে বসতে যাচ্ছেন? ইউরোপিয়ান ফুটবল মহলে এখন এমন গুঞ্জনই ঘুরপাক খাচ্ছে।
স্প্যানিশ ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, শৈশবের ক্লাব সেভিয়ার মালিকানা কাঠামোতে পরিবর্তন আনতে একটি বিনিয়োগকারী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হয়েছেন রামোস। ধারণা করা হচ্ছে, একটি কনসোর্টিয়ামের নেতৃত্ব দিয়ে তিনি ক্লাবটির নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্বে ভূমিকা রাখতে চান।
প্রতিবেদনে আরও বলা হয়, কেবল প্রতীকী কোনো ভূমিকা নয়—ক্লাবের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সরাসরি সম্পৃক্ত থাকার লক্ষ্যেই এগোচ্ছেন ৩৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
সেভিয়ার সাবেক স্পোর্টিং ডিরেক্টর মঞ্চি একটি পডকাস্টে বিষয়টি নিয়ে মন্তব্য করেন। তিনি বলেন, রামোস ক্লাবের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আগ্রহী, যদিও তিনি এখনো কোনো আনুষ্ঠানিক পদ নিশ্চিত করেননি।
এদিকে ‘ফাইভ ইলেভেন ক্যাপিটাল’ নামের একটি বিনিয়োগ গোষ্ঠীর সহায়তায় এই সম্ভাব্য মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া এগোচ্ছে বলে জানা গেছে।
মাঠের পারফরম্যান্সের দিক থেকে বর্তমানে কঠিন সময় পার করছে সেভিয়া। লা লিগায় দলটি এখন রেলিগেশন জোনের কাছাকাছি অবস্থানে রয়েছে এবং বাকি কয়েক ম্যাচে টিকে থাকার লড়াই করছে।
রামোসের এই প্রশাসনিক উদ্যোগ সফল হলে এটি তার ফুটবল ক্যারিয়ারের এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে এবং কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!