ভারতের ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনিকে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আর মাঠে দেখা যাবে কি না, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না। ইনজুরির কারণে এখনো কোনো ম্যাচ না খেললেও, তার সম্ভাব্য বিদায়ী ম্যাচ নিয়ে আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে।
ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, বিশেষ একটি পরিস্থিতিতে ধোনি ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, চেন্নাই সুপার কিংস (সিএসকে) যদি প্লে-অফের দৌড় থেকে ছিটকে যায়, তাহলে ধোনিকে শেষবারের মতো মাঠে নামানোর সুযোগ তৈরি হতে পারে। তবে দল প্রতিযোগিতায় টিকে থাকলে তাকে একাদশে নেওয়ার সম্ভাবনা খুবই কম।
অশ্বিন বলেন, “চেন্নাই যদি পরবর্তী কয়েকটি ম্যাচে হারায় এবং প্লে-অফের আশা শেষ হয়ে যায়, তখন ধোনিকে ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দেওয়া যেতে পারে।”
তিনি আরও বলেন, দলের বর্তমান কম্বিনেশন বিবেচনায় ধোনির অন্তর্ভুক্তি হলে ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে, যা এখনকার পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ।
ধোনি মৌসুম শুরুর আগেই কাফ ইনজুরিতে পড়েন। মার্চ থেকে দলের সঙ্গে থাকলেও তিনি এখনো ম্যাচ ফিটনেস ফিরে পাননি। নেটে অনুশীলন করলেও এখনো মাঠে নামেননি তিনি।
চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি আগেই জানিয়েছিলেন, ধোনি ইচ্ছাকৃতভাবে ম্যাচের সময় ড্রেসিংরুমে কম উপস্থিত থাকছেন, যাতে তরুণ ক্রিকেটারদের ওপর চাপ না পড়ে এবং তারা স্বাধীনভাবে খেলতে পারে।
বর্তমানে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের মাঝামাঝি অবস্থানে আছে চেন্নাই সুপার কিংস। প্লে-অফে যেতে হলে বাকি ম্যাচগুলোতে উন্নত পারফরম্যান্স করতে হবে দলটিকে।
উল্লেখ্য, ২০২৫ আইপিএলে ধোনি ১৪ ম্যাচে ১৯৬ রান করেছিলেন। এবারের মৌসুমেও তাকে ধরে রেখেছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!