বাংলাদেশ সফরের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে পাকিস্তান। আসন্ন এই সিরিজের সূচি চূড়ান্ত করেছে দুই দেশের ক্রিকেট বোর্ড।
মে–জুনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের ম্যাচগুলো হবে লাহোর ও রাওয়ালপিন্ডিতে। এর আগে বর্তমানে পাকিস্তান দল বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) থেকে প্রথম টেস্ট শুরু হবে।
অন্যদিকে, গত জানুয়ারিতে পাকিস্তানের মাটিতে সর্বশেষ সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। এরপর ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দুই দল মুখোমুখি হয়েছিল পাকিস্তানে অনুষ্ঠিত ম্যাচগুলোতে।
আসন্ন সিরিজ শুরু হওয়ার সময় আইপিএলের শেষ পর্ব চলমান থাকবে। ফলে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়া সর্বশেষ ওয়ানডে খেলেছিল গত বছরের অক্টোবর মাসে। দীর্ঘ বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়ে তারা আবারও এই ফরম্যাটে ফিরছে।
এদিকে, আগামী ৯ জুন থেকে বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। প্রায় ১৫ বছর পর তারা বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে।
পাকিস্তান সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২–১ ব্যবধানে হেরেছিল। এরপর তারা ঘরোয়া পিএসএলে ব্যস্ত সময় পার করে এখন আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে।
অস্ট্রেলিয়া–পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি
* ৩০ মে: প্রথম ওয়ানডে (রাওয়ালপিন্ডি)
* ২ জুন: দ্বিতীয় ওয়ানডে (লাহোর)
* ৪ জুন: তৃতীয় ওয়ানডে (লাহোর)
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!