খেলাধুলা

ক্রিকেট ম্যাচ দেখতে আজ মাঠে যাবেন হামজা চৌধুরী

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৫:৫৭ এএম
ক্রিকেট ম্যাচ দেখতে আজ মাঠে যাবেন হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবল দলের অন্যতম পরিচিত মুখ হামজা চৌধুরী আজ রাজধানীতে একটি ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যাবেন। ব্যক্তিগত সফরে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন তিনি।

বিভিন্ন বাণিজ্যিক ও প্রচারণামূলক কার্যক্রমের ফাঁকে বিকেলে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আয়োজিত ‘নতুন কুড়ি স্পোর্টস’–এর একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করবেন এই ফুটবলার। ম্যাচটি অনুষ্ঠিত হবে রাজধানীর মোহাম্মদপুর এলাকার ক্রীড়া শিক্ষা মাঠে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন–এর সভাপতি তাবিথ আউয়াল উপস্থিত থাকবেন।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী নতুন কুড়ি স্পোর্টস কার্যক্রমে হামজা চৌধুরীকে সম্পৃক্ত করার আগ্রহের কথা জানিয়েছিলেন। ব্যস্ত সূচির মধ্যেও শেষ পর্যন্ত ক্রিকেট ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি চূড়ান্ত হয়।

বর্তমানে বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্ট সিরিজ উপলক্ষে মিরপুরে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চলছে। তবে হামজা সেখানে যাচ্ছেন না। গত পরশু তিনি জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। মিরপুর স্টেডিয়ামের উদ্দেশে রওনা হলেও ক্রিকেটারদের অনুশীলন শুরু হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত তাঁদের সঙ্গে সাক্ষাৎ হয়নি।

যদিও জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়নি, আজ উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাচ্ছেন হামজা।

ফিফার আন্তর্জাতিক সূচির বাইরে সাধারণত ক্লাব ফুটবলের ব্যস্ততায় খুব বেশি ছুটি পান না হামজা। এক মৌসুম শেষ ও আরেক মৌসুম শুরুর মধ্যবর্তী বিরতিতে কয়েক দিনের জন্য বাংলাদেশে এসেছেন তিনি। এই সফরে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তিও করেছেন। আগামীকাল তাঁর ইংল্যান্ডে ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!