সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যের প্রতিফলন পড়েছে বাংলাদেশের ফিফা ফুটসাল র্যাঙ্কিংয়েও। সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নারী ফুটসাল দল দুই ধাপ এগিয়ে ৪৪ থেকে ৪২ নম্বরে উঠে এসেছে।
বাংলাদেশ নারী ফুটসাল দল এর আগে ২০১৭ সালে এশিয়ান কাপ ফুটসালে অংশ নিয়েছিল। সেই সূত্রেই নারী দলের আন্তর্জাতিক র্যাঙ্কিং ছিল। এবার সাফে শিরোপা জয়ের পর র্যাঙ্কিংয়ে উন্নতি হলো সাবিনা খাতুনদের।
অন্যদিকে বাংলাদেশ পুরুষ ফুটসাল দলও প্রথমবারের মতো আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে। বর্তমানে তাদের অবস্থান ১৩৯ নম্বরে।
গত বছর প্রথমবার এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নেয় বাংলাদেশ পুরুষ ফুটসাল দল। পরে সাফ টুর্নামেন্টেও খেলেছে তারা। দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরই র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে দলটি।
গতকাল নারী ও পুরুষ ফুটসালের সর্বশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। সেখানে দুই বিভাগেই শীর্ষস্থান ধরে রেখেছে ব্রাজিল। বর্তমানে নারী ফুটসাল র্যাঙ্কিংয়ে ৯৬টি এবং পুরুষ ফুটসাল র্যাঙ্কিংয়ে ১৪৩টি দেশ অন্তর্ভুক্ত রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!