খেলাধুলা

৩২ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস, কিশোর ক্রিকেটারের ব্যাটে রানের টর্নেডো

আপডেট: মে ০৯, ২০২৬ : ০৫:৫৬ এএম
৩২ বলে ১০৮ রানের ঝড়ো ইনিংস, কিশোর ক্রিকেটারের ব্যাটে রানের টর্নেডো

দেশজুড়ে চলমান প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট প্রতিযোগিতার জেলা পর্যায়ে দুর্দান্ত এক ব্যাটিং প্রদর্শনীতে আলোচনায় এসেছে নরসিংদীর কিশোর ক্রিকেটার তরিকুল ইসলাম পরশ।

শুক্রবার নরসিংদী জেলা স্টেডিয়ামে সদর উপজেলার হয়ে শিবপুর উপজেলার বিপক্ষে টি-টেন ম্যাচে মাত্র ৩২ বলে অপরাজিত ১০৮ রানের বিস্ফোরক ইনিংস খেলেন এই ব্যাটার। তার ব্যাটিং ঝড়ে ভর করে বড় জয় পায় নরসিংদী সদর উপজেলা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন পরশ। মাঠজুড়ে শটের ফুলঝুরি ছড়িয়ে তিনি তুলে নেন সেঞ্চুরি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ১০টি ছক্কা। তার ব্যাটে ভর করে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ২১১ রানের বিশাল সংগ্রহ গড়ে সদর উপজেলা, যা টি-টেন ক্রিকেটে উল্লেখযোগ্য স্কোর হিসেবে বিবেচিত হচ্ছে।

জবাবে ২১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শিবপুর উপজেলা। নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেটে মাত্র ৫৬ রান তুলতে সক্ষম হয় তারা। ফলে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে ওঠে নরসিংদী সদর উপজেলা।

তরিকুল ইসলাম পরশের ক্রিকেটে উঠে আসার গল্পও অনুপ্রেরণার। কৃষক বাবার সন্তান এই কিশোর দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে ক্রিকেট খেলছে। প্রতিযোগিতার প্রথম ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে ২ ওভারে ২ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

দেশের ৬৪ জেলায় একযোগে চলমান ‘নতুন কুঁড়ি’ টি-টেন ক্রিকেট প্রতিযোগিতার লক্ষ্যই হচ্ছে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করা। আয়োজকদের আশা, সঠিক পরিচর্যা পেলে পরশের মতো ক্রিকেটাররা ভবিষ্যতে জাতীয় দলের জন্য সম্ভাবনার নাম হয়ে উঠতে পারেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!