খেলাধুলা

কোহলির রেকর্ড সেঞ্চুরিতে শীর্ষে বেঙ্গালুরু

আপডেট: মে ১৪, ২০২৬ : ০৪:৪৩ এএম
কোহলির রেকর্ড সেঞ্চুরিতে শীর্ষে বেঙ্গালুরু

ফর্মে ফেরার জন্য এর চেয়ে ভালো মঞ্চ হয়তো আর হতে পারত না। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরিতে আবারও নিজের শ্রেষ্ঠত্বের জানান দিলেন বিরাট কোহলি।

তাঁর অপরাজিত শতকে ভর করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৬ উইকেটের জয় তুলে নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে। রায়পুরে বুধবার আগে ব্যাট করে কলকাতা ৪ উইকেটে ১৯২ রান তোলে। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন অঙ্ক্রিশ রঘুবংশী। ৪৬ বলে খেলা তাঁর ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছক্কা। শেষ দিকে রিংকু সিং ২৯ বলে অপরাজিত ৪৯ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন।

বেঙ্গালুরুর হয়ে ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড ও রাসিখ সালাম একটি করে উইকেট নেন। ১৯৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন কোহলি। ৬০ বলে ১১ চার ও ৩ ছক্কায় অপরাজিত ১০৫ রান করেন তিনি। আইপিএলে এটি তাঁর নবম সেঞ্চুরি, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।

দেবদূত পাডিক্কাল ৩৯ রান করলেও অন্য ব্যাটসম্যানেরা বড় ইনিংস খেলতে পারেননি। তবু কোহলির নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে বেঙ্গালুরু।

১২ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট এখন ১৬। সমান পয়েন্ট থাকা গুজরাট টাইটানসকে রানরেটে পেছনে ফেলে শীর্ষে উঠেছে তারা।

এই ইনিংসের পথে টি–টোয়েন্টি ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন কোহলি। সবচেয়ে কম ৪০৯ ইনিংসে এই কীর্তি গড়েছেন তিনি। এর আগে দ্রুততম ১৪ হাজার রানের রেকর্ডটি ছিল ক্রিস গেইলের, যিনি এই মাইলফলকে পৌঁছাতে খেলেছিলেন ৪২৩ ইনিংস।

আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় কোহলির পরেই আছেন জস বাটলার, তাঁর সেঞ্চুরি সাতটি। টি–টোয়েন্টিতে কোহলির মোট সেঞ্চুরি এখন ১০টি।

ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন কোহলি। আইপিএলে এটি তাঁর ২১তম ম্যাচসেরা পুরস্কার, যা রোহিত শর্মার রেকর্ডের সমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!