লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে রোমাঞ্চে ভরা এক ম্যাচে এফসি সিনসিনাতিকে ৫–৩ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
আজ বৃহস্পতিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৬৪ মিনিট পর্যন্ত ৩–২ গোলে পিছিয়ে ছিল মায়ামি। তবে শেষ দিকে টানা তিন গোল করে নাটকীয় জয় তুলে নেয় দলটি। ম্যাচের ২৪তম মিনিটে গোলের সূচনা করেন মেসি। প্রতিপক্ষের ডিফেন্ডার ম্যাট মিয়াজগার ভুল ক্লিয়ারেন্স থেকে পাওয়া বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি।
প্রথমার্ধের শেষ দিকে কেভিন ডেনকির পেনাল্টি গোলে সমতায় ফেরে সিনসিনাতি। বিরতির পর ৪৯তম মিনিটে পাভেল বুচার গোল করলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে ছয় মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।
৬৪তম মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। এরপর ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মায়ামি। প্রথমে মাতেও সিলভেট্টি সমতা ফেরান। পরে সেট পিস থেকে তৈরি হওয়া সুযোগে গোল করে দলকে এগিয়ে দেন জার্মান বারতেরামে।
ম্যাচের শেষ দিকে মেসির নেওয়া শট পোস্টে লেগে গোলরক্ষক রোমান সেলেন্তানোর গায়ে প্রতিফলিত হয়ে জালে ঢোকে। শুরুতে সেটিকে মেসির গোল হিসেবে ধরা হলেও পরে আত্মঘাতী গোল হিসেবে গণ্য করা হয়। ফলে হ্যাটট্রিক থেকে বঞ্চিত হন তিনি।
চলতি মৌসুমে এটি তৃতীয়বার, যখন এক ম্যাচে অন্তত তিনটি গোলে অবদান রাখলেন মেসি। এমএলএসে এ মৌসুমে তাঁর গোলসংখ্যা এখন ১২।
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মেসির ক্যারিয়ার গোল এখন ৯১০টি, সঙ্গে রয়েছে ৪১১টি অ্যাসিস্ট। ইন্টার মায়ামির হয়ে নিয়মিত মৌসুমে ৬৫ ম্যাচে তাঁর গোল ৬১টি এবং অ্যাসিস্ট ৪২টি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!