নারী টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন পাকিস্তান নারী দলের অধিনায়ক ফাতিমা সানা। মাত্র ১৫ বলে ফিফটি করে গড়েছেন দ্রুততম হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড।
শুক্রবার করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে এই কীর্তি গড়েন তিনি। তার ঝোড়ো ব্যাটিংয়ে পাকিস্তান ৪ উইকেটে ২২৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় এবং ম্যাচটি ১৩৩ রানে জিতে সিরিজে হোয়াইটওয়াশ সম্পন্ন করে।
১৯ বলে ৬২ রানের ইনিংস খেলা ফাতিমার ব্যাট থেকে আসে ১০টি চার ও ২টি ছক্কা। এর আগে নারীদের টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটির রেকর্ড ছিল ১৮ বলে, যা যৌথভাবে ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ড এবং ভারতের রিচা ঘোষের দখলে।
মাত্র তিন বল কম খেলে সেই রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করলেন পাকিস্তান অধিনায়ক। ম্যাচে পাকিস্তানের হয়ে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাইরা জাবিন ৫০, আয়েশা জাফর ৪৫ এবং ইরাম জাভেদ ২৯ রান করে। জিম্বাবুয়ের পক্ষে লিন্ডোকুহলে মাবহিরো নেন ২ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার কেলিস এনদ্লোভু ১৪ বলে ৩২ রানের ঝড়ো ইনিংস খেললেও দলকে লড়াইয়ে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ৯০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। পাকিস্তানের পক্ষে সাদিয়া ইকবাল ৩ উইকেট এবং নাশরা সান্ধু ২ উইকেট নেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!