ইংলিশ ক্লাব চেলসির প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন স্প্যানিশ কিংবদন্তি জাবি আলোনসো। দুই পক্ষের মধ্যে চার বছরের চুক্তিতে সমঝোতা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম ইএসপিএন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই আলোনসোর নতুন দায়িত্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ৪৪ বছর বয়সী সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার সম্প্রতি কোচিং ক্যারিয়ারে আলোচনায় থাকলেও গত জানুয়ারিতে রিয়াল মাদ্রিদের দায়িত্ব থেকে তাকে বরখাস্ত করা হয়। তবে এবার ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি।
চেলসি চলতি মৌসুমে কোচিং সংকটে ভুগছে। পারফরম্যান্সে ধারাবাহিক ব্যর্থতার কারণে গত মাসে লিয়াম রোজেনিয়রকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর আগে এনজো মারেস্কাও পারস্পরিক সমঝোতায় ক্লাব ছাড়েন। বর্তমানে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন কালাম ম্যাকফারলেন।
এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারের পর চেলসির কোচিং অনিশ্চয়তা আরও বেড়ে যায়। চলতি মৌসুমে ক্লাবটির শিরোপা জয়ের সুযোগও শেষ হয়ে গেছে।
ইএসপিএন আরও জানিয়েছে, বোর্নমাউথের আন্দোনি ইরাওলা ও ফুলহ্যামের মার্কো সিলভা চেলসির কোচ হওয়ার দৌড়ে থাকলেও শেষ পর্যন্ত আলোনসোর দিকেই ঝুঁকেছে লন্ডনের ক্লাবটি।
সূত্রের বরাতে বলা হয়েছে, চেলসির মালিকানার সঙ্গে আলোচনায় আলোনসো ট্রান্সফার নীতি ও কোচের পূর্ণ কর্তৃত্বসহ কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছিলেন। আলোচনার পরই তিনি দায়িত্ব নিতে সম্মত হন।
আগামী সপ্তাহে প্রিমিয়ার লিগে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের আগেই আলোনসোর যোগদানের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!