খেলাধুলা

শিরোপার লড়াইয়ের মাঝেই সৌদি লিগের বর্ষসেরার দৌড়ে রোনালদো

আপডেট: মে ১৮, ২০২৬ : ০৫:০৬ এএম
শিরোপার লড়াইয়ের মাঝেই সৌদি লিগের বর্ষসেরার দৌড়ে রোনালদো

সৌদি প্রো লিগের শিরোপা নির্ধারণের আগেই প্রকাশ করা হয়েছে মৌসুমসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা। ২০২৫-২৬ মৌসুমের বর্ষসেরা খেলোয়াড়ের দৌড়ে জায়গা পেয়েছেন আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

লিগের শেষ দিনের আগে টেবিলের শীর্ষে রয়েছে আল নাসর। ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮৩ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল হিলাল। বৃহস্পতিবার শেষ রাউন্ডে দামাকের মুখোমুখি হবে আল নাসর। জিতলেই শিরোপা নিশ্চিত হবে রোনালদোদের। অন্যদিকে আল হিলাল খেলবে আল ফায়হার বিপক্ষে। আল নাসর পয়েন্ট হারালে শিরোপা জয়ের সুযোগ তৈরি হবে আল হিলালের সামনে।

এশিয়ান ফুটবলের দ্বিতীয় সারির ক্লাব প্রতিযোগিতা এএফসি চ্যাম্পিয়নস লিগ টু–এর ফাইনালে গাম্বা ওসাকার কাছে হেরে হতাশ হয়েছিল আল নাসর। সেই আক্ষেপ ঘোচাতে এখন ঘরোয়া লিগ জয়ের দিকেই তাকিয়ে আছে দলটি।

২০২৩ সালে সৌদি আরবে পাড়ি জমানোর পর এবারই প্রথম বড় কোনো শিরোপার খুব কাছে পৌঁছেছেন রোনালদো। চলতি মৌসুমে লিগে এখন পর্যন্ত ২৬ গোল করেছেন তিনি। পাশাপাশি সৌদি প্রো লিগের আধুনিক ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেছেন এই ফরোয়ার্ড। মৌসুমজুড়ে ৭ বার ম্যাচসেরা নির্বাচিত হওয়া রোনালদোকেই বর্ষসেরার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছে।

সংক্ষিপ্ত তালিকায় আছেন আল নাসরের জোয়াও ফেলিক্সও। অভিষেক মৌসুমেই মিডফিল্ড থেকে তিনটি হ্যাটট্রিক করেছেন তিনি। ১২টি অ্যাসিস্ট নিয়ে বর্তমানে লিগের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা ফেলিক্স।

বর্ষসেরার লড়াইয়ে রয়েছেন আল আহলির ইংলিশ স্ট্রাইকার ইভান টনিও। ৩১ ম্যাচে ৩২ গোল করেছেন তিনি। মৌসুমে চারটি হ্যাটট্রিকের পাশাপাশি ৯ বার হয়েছেন ম্যাচসেরা।

এ ছাড়া আল কাদসিয়াহর হুলিয়ান কিনোনেসও জায়গা পেয়েছেন তালিকায়। চলতি মৌসুমে ৩০ গোল করে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। তার ঝুলিতে আছে সর্বোচ্চ ১৩টি ম্যাচসেরার পুরস্কার।

অন্যদিকে আল হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসও আছেন মনোনয়নে। তিনি প্রথম ফুটবলার হিসেবে সৌদি লিগে এক মৌসুমে ২ হাজারের বেশি পাস দেওয়ার কীর্তি গড়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!