ফিফা বিশ্বকাপ শুরু হতে আর অল্প সময় বাকি থাকতেই প্রস্তুতিতে বাড়তি মনোযোগ দিচ্ছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ক্লাব ফুটবলের ব্যস্ততা শেষের পথে থাকলেও জাতীয় দলের মিশনকে সামনে রেখে ইতোমধ্যে ‘ডাবল ট্রেনিং’ শুরু করেছেন এই বিশ্বকাপজয়ী তারকা।
ইন্টার মায়ামির হয়ে নিয়মিত অনুশীলন ও ম্যাচ খেলার পাশাপাশি ব্যক্তিগত ফিটনেস পরিকল্পনায় বাড়তি সময় দিচ্ছেন মেসি। জাতীয় দলের সতীর্থ রদ্রিগো ডি পল জানিয়েছেন, শারীরিকভাবে সর্বোচ্চ পর্যায়ে থাকতে দুজনই আলাদা একটি বিশেষ প্রশিক্ষণ রুটিন অনুসরণ করছেন।
এক সাক্ষাৎকারে ডি পল বলেন, গত কয়েক মাস ধরে ক্লাবের অনুশীলনের বাইরে তারা আলাদা একটি ট্রেনিং প্ল্যান মেনে চলছেন। সেখানে নিজস্ব ট্রেইনারের তত্ত্বাবধানে বাড়তি সময় ব্যয় করছেন তারা।
তিনি আরও জানান, “আমরা নিজেরাই একটি ডাবল শিফটের মতো প্রস্তুতি নিচ্ছি। লক্ষ্য একটাই—বিশ্বকাপের আগে সর্বোচ্চ ফিটনেসে থাকা।”
২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছালেও প্রতিযোগিতামূলক মনোভাব কমেনি মেসির। বরং আসন্ন বিশ্বকাপে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই কঠোর অনুশীলনে ব্যস্ত তিনি।
চলতি এমএলএস মৌসুমেও দারুণ ছন্দে আছেন আর্জেন্টাইন এই মহাতারকা। ইন্টার মায়ামির হয়ে ইতোমধ্যে ১২ গোল ও চার অ্যাসিস্ট করেছেন তিনি। সর্বশেষ ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।
বিশ্বকাপের আগে ইন্টার মায়ামির আর মাত্র একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচ শেষে আর্জেন্টিনা জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন মেসি ও ডি পল।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!