খেলাধুলা

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:৩০ এএম
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

ইতিহাস গড়ল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল টাইগাররা। সিলেট টেস্টে ৭৮ রানের জয় তুলে নিয়ে ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করার কীর্তি গড়েছে বাংলাদেশ দল।

চতুর্থ দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি বাংলাদেশের হাতেই ছিল। তবে পঞ্চম দিনের সকালে কিছুটা শঙ্কা তৈরি করেছিলেন পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান। গুরুত্বপূর্ণ সময়ে আবারও বাংলাদেশের ভরসা হয়ে ওঠেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। সাজিদ খানকে ফিরিয়ে জয়ের পথ সহজ করে দেন তিনি। পরে সেঞ্চুরির দ্বারপ্রান্তে থাকা রিজওয়ানকেও বিদায় করেন বাংলাদেশের বোলাররা। শেষ পর্যন্ত খুররাম শেহজাদের উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল।

মিরপুরে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর সিলেটেও একই ছন্দ ধরে রাখে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে পূর্ণ আধিপত্য দেখিয়ে ঐতিহাসিক সাফল্য অর্জন করল স্বাগতিকরা।

৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭ রান। শেষ দিনে জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল আরও ১২০ রান। অন্যদিকে বাংলাদেশের দরকার ছিল মাত্র তিন উইকেট।

পঞ্চম দিনের শুরুতে আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান সতর্কভাবে ব্যাটিং করতে থাকেন। দিনের শুরুতেই রিজওয়ানকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার বলে স্লিপে ক্যাচ দিয়েও বেঁচে যান পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার। মেহেদী হাসান মিরাজ সেই ক্যাচটি নিতে পারেননি।

জীবন পাওয়া রিজওয়ান এরপর সাজিদ খানকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ধীরে ধীরে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে সেই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। সাজিদ খানকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন এই স্পিনার। আউট হওয়ার আগে ৩৬ বলে ২৮ রান করেন সাজিদ।

এরপর বেশিক্ষণ টিকতে পারেননি রিজওয়ানও। সেঞ্চুরির খুব কাছে গিয়ে তার বিদায়ে ভেঙে পড়ে পাকিস্তানের শেষ প্রতিরোধ। শেষদিকে খুররাম শেহজাদকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল।

এই জয়ে টেস্ট ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এটিই টাইগারদের প্রথম টেস্ট সিরিজ জয় এবং প্রথম হোয়াইটওয়াশ।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!