খেলাধুলা

আরেকটি বিধ্বংসী ইনিংস বৈভবের, গেইলের রেকর্ডেও হানা তরুণ ওপেনারের

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:৪০ এএম
আরেকটি বিধ্বংসী ইনিংস বৈভবের, গেইলের রেকর্ডেও হানা তরুণ ওপেনারের

আইপিএলের চলতি মৌসুমে ব্যাট হাতে যেন ঝড় তুলছেন রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী। একের পর এক বিস্ফোরক ইনিংস খেলে তিনি শুধু দলকে জেতাচ্ছেন না, ভাঙছেন বহুদিনের পুরোনো রেকর্ডও।

এবার তার ব্যাটে এসেছে আরও একটি বিধ্বংসী ইনিংস, যেখানে গেইল-রাসেলদের মতো টি-টোয়েন্টি দানবদের সঙ্গেও নাম উঠে গেছে একই কাতারে। মঙ্গলবার জয়পুরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২২১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস ৭ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয় তুলে নেয়। আর সেই জয়ের মূল নায়ক ছিলেন বৈভব সূর্যবংশী। মাত্র ৩৮ বলে ৭ চার ও ১০ ছক্কায় ৯৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। যদিও দুর্ভাগ্যজনকভাবে নব্বইয়ের ঘরেই থামতে হয়েছে এই তরুণ ব্যাটারকে।

তার সঙ্গে যশস্বী জয়সওয়ালের ৪৩ ও ধ্রুব জুরেলের অপরাজিত ৫৩ রানে ভর করে সহজ জয় পায় রাজস্থান। এই জয়ের মাধ্যমে আইপিএলে সবচেয়ে বেশি চারবার ২২০ বা তার বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড গড়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এর আগে ৩ বার করে এমন কীর্তি ছিল পাঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের।

এর আগে ব্যাট করতে নেমে লখনৌ সুপার জায়ান্টস তোলে ৫ উইকেটে ২২০ রান। দলের হয়ে সর্বোচ্চ ৯৬ রান করেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। ৫৭ বলে ১১ চার ও ৫ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয় রানআউটে। এছাড়া জশ ইংলিস করেন ৬০ এবং ঋষভ পান্ত ৩৫ রান।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচে ৫৭৯ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে গেছেন বৈভব। তার স্ট্রাইকরেট ২৩৬.৩, যা আইপিএলের ইতিহাসে এক মৌসুমে ৫০০ বা তার বেশি রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে আন্দ্রে রাসেলের ২০৫ স্ট্রাইকরেট ছিল রেকর্ড।

সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবেও ইতিহাস গড়েছেন বৈভব। মাত্র ১৫ বছর ৫৪ দিন বয়সে আইপিএলের এক মৌসুমে ৫০০ রান পূর্ণ করেছেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ঋষভ পান্তের দখলে।

ছক্কার রেকর্ডেও এখন ক্রিস গেইলের সঙ্গে পাল্লা দিচ্ছেন বৈভব। ২০১২ সালে গেইল এক মৌসুমে সর্বোচ্চ ৫৯ ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি আসরে ইতোমধ্যে বৈভবের ছক্কার সংখ্যা ৫৩। রাজস্থানের গ্রুপপর্বে এখনও একটি ম্যাচ বাকি থাকায় সেই রেকর্ড ভাঙার সম্ভাবনাও জোরালো।

এছাড়া আইপিএলের ইতিহাসে এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা চারবার মেরেছিলেন গেইল। বৈভব ইতোমধ্যে তিনবার সেই কীর্তি গড়েছেন। শুধু চলতি মৌসুমেই দুই ম্যাচে ১০+ ছক্কার ইনিংস খেলেছেন তিনি। এই নজির আছে আর কেবল কলকাতা নাইট রাইডার্সের ফিন অ্যালেনের।

আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক না হলেও আইপিএলে নিজের প্রতিভার ঝলক দেখিয়ে যাচ্ছেন বৈভব সূর্যবংশী। অনভিষিক্ত ক্রিকেটার হিসেবে আইপিএলের এক মৌসুমে সর্বোচ্চ ৬২৫ রান করার রেকর্ড এখন যশস্বী জয়সওয়ালের দখলে। বৈভবের সামনে সেই রেকর্ডও এখন হাতছানি দিয়ে ডাকছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!