খেলাধুলা

ফাইনালে অজেয় মার্টিনেজ, ভাঙা আঙুলেও অটুট রেকর্ড

আপডেট: মে ২১, ২০২৬ : ০৫:৪৫ এএম
ফাইনালে অজেয় মার্টিনেজ, ভাঙা আঙুলেও অটুট রেকর্ড

ফাইনাল মানেই যেন এমিলিয়ানো মার্টিনেজের আলাদা এক গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভাঙা আঙুল নিয়েই মাঠে নেমে অ্যাস্টন ভিলার শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। একই সঙ্গে ফাইনালে নিজের শতভাগ জয়রেকর্ডও অক্ষুণ্ন রেখেছেন তিনি।

গতকাল (বুধবার) রাতে ইস্তাম্বুলের বেসিকতাস পার্কে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে ৩–০ ব্যবধানে হারিয়ে দীর্ঘ শিরোপাখরা কাটায় অ্যাস্টন ভিলা। প্রায় তিন দশক ও ইউরোপীয় প্রতিযোগিতায় ৪৪ বছরের অপেক্ষার অবসান ঘটে ইংলিশ ক্লাবটির।

ম্যাচের আগেই ওয়ার্মআপের সময় আঙুলে চোট পান মার্টিনেজ। তবে চোট সত্ত্বেও পুরো ৯০ মিনিট খেলেন তিনি। ম্যাচ শেষে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়ার্মআপের সময় আঙুল ভেঙে গেলেও খেলা চালিয়ে যাওয়াটাই তার স্বাভাবিক মানসিকতা।

তিনি আরও বলেন, ভিলার জার্সি গায়ে শিরোপা জিততে পারাটা তার জন্য গর্বের। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তার আঙুলের চোট গুরুতর নয় এবং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না।

ম্যাচ শেষে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাসে মেতে ওঠেন ৩৩ বছর বয়সী এই গোলরক্ষক। কখনও সতীর্থকে কাঁধে তুলে, আবার কখনও গ্যালারিতে গিয়ে সমর্থকদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তিনি।

এর আগে ভিলা ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত ক্লাবেই থেকে যান মার্টিনেজ। ২০২৯ সালের জুন পর্যন্ত তার চুক্তি রয়েছে অ্যাস্টন ভিলার সঙ্গে। ক্লাবকে তিনি নিজের পরিবারের মতো বলেও উল্লেখ করেন।

ফাইনালে অপরাজিত থাকার অনন্য রেকর্ড এখনো ধরে রেখেছেন মার্টিনেজ। ২০২০ সালে আর্সেনালের হয়ে এফএ কাপ ও কমিউনিটি শিল্ড জয় দিয়ে শুরু তার এই যাত্রা। এরপর আর্জেন্টিনার হয়ে ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকায়ও ফাইনালে জয় পান তিনি।

ফলে ফাইনালের মঞ্চে দাঁড়ালেই যেন আরও একবার ইতিহাস লেখেন এমিলিয়ানো মার্টিনেজ—এবারও তার ব্যতিক্রম হয়নি।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!