খেলাধুলা

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রী

আপডেট: জুন ০৬, ২০২৬ : ০৫:২৩ এএম
চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেছেন, খেলাধুলাকে আরও বিস্তৃত করা, তরুণ প্রজন্মকে মাদক ও প্রযুক্তিনির্ভর আসক্তি থেকে দূরে রাখা এবং সুস্থ ও মেধাবী জাতি গঠনে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

সভায় আমিনুল হক বলেন, জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতিমধ্যে প্রায় ৩০০ খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড দিয়েছে। আগামী জুনের পর আরও ৫০০ ক্রীড়াবিদকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ক্রীড়া কার্ডের মাধ্যমে খেলোয়াড়েরা স্বাস্থ্যসেবা, বিমা ও সামাজিক নিরাপত্তাসহ বিভিন্ন সুবিধা পাবেন।

প্রতিমন্ত্রী বলেন, শিশু-কিশোরদের মধ্যে মোবাইল ফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারের প্রবণতা বাড়ছে, যা উদ্বেগের বিষয়। এ পরিস্থিতি মোকাবিলায় খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে।

তিনি জানান, সরকার ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে। এর মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী ছেলে ও মেয়েরা সমানভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই এ উদ্যোগের লক্ষ্য।

বিকেএসপির কার্যক্রম সম্প্রসারণের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, ঢাকার বাইরে থাকা বিকেএসপির কেন্দ্রগুলোকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। সেখানে শিক্ষার্থীদের পড়াশোনা ও প্রশিক্ষণের ব্যয় সরকার বহন করবে।

আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতার বিষয়ে তিনি বলেন, বিদেশি ক্লাব ও প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক জোরদার এবং বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক সুযোগ বাড়াতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তুরস্কের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে, যা দুই দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময় বাড়াতে সহায়তা করবে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া সঞ্চালনা করেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রতিমন্ত্রী নগরের পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!