টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান এখনো বিরল এক অর্জন। ১২০ বলের ইনিংসে এমন সংগ্রহ করতে পেরেছে মাত্র কয়েকটি দল। তবে বিশ্বের আর কোনো দল যা পারেনি, সেটিই করে দেখিয়েছে নেপাল। টি-টোয়েন্টি ইতিহাসে একাধিকবার ৩০০ রানের গণ্ডি পেরোনো একমাত্র দল তারা।
প্রথমবার এই কীর্তি গড়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে। মঙ্গোলিয়ার বিপক্ষে নেপাল তোলে ৩১৪ রান। সেই ম্যাচে কুশল মল্লারের ঝড়ো সেঞ্চুরিতে ২৭৩ রানের বড় জয় পায় দলটি।
এরপর ২০২৬ সালের মে মাসে চীনের বিপক্ষেও ব্যাটিং তাণ্ডব চালায় নেপাল। নির্ধারিত ২০ ওভারে ৩১৩ রান করে তারা। জেতে ২২১ রানের ব্যবধানে।
টি-টোয়েন্টি ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ছয়টি দল বা দলীয় ইউনিট এক ইনিংসে ৩০০ বা তার বেশি রান করতে পেরেছে। তালিকায় রয়েছে নেপাল, ইংল্যান্ড, জিম্বাবুয়ে, জার্মানি এবং ভারতের ঘরোয়া দল বারোদা ও পাঞ্জাব। তবে দুইবার এই কীর্তি গড়েছে শুধু নেপালই।
যদিও টি-টোয়েন্টির সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নেপালের নয়। ২০২৪ সালে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে সিকিমের বিপক্ষে ৩৪৯ রান করে ভারতের ঘরোয়া দল বারোদা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৪৪ রান জিম্বাবুয়ের, গাম্বিয়ার বিপক্ষে।
বাংলাদেশের সর্বোচ্চ টি-টোয়েন্টি সংগ্রহ ২১৫ রান। ২০১৮ সালের নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়া করতে নেমে এই সংগ্রহ গড়েছিল বাংলাদেশ। অন্যদিকে ২০২৪ সালে ভারতের বিপক্ষে এক ম্যাচে ২৯৭ রান হজম করতে হয়েছিল টাইগারদের।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ২৫৪ রান, যা বর্তমানে ঢাকা ক্যাপিটালসের দখলে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!