বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে চোট কাটিয়ে ফেরা অধিনায়ক লিওনেল মেসিকে এ ম্যাচেও মাঠে নামাননি কোচ লিওনেল স্কালোনি।
শনিবার (৬ জুন) যুক্তরাষ্ট্রের টেক্সাসের কলেজ স্টেশনের কাইল ফিল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে পুরো সময় বেঞ্চে বসেই কাটান মেসি। তার অনুপস্থিতিতেও শুরু থেকেই আধিপত্য দেখায় আলবিসেলেস্তেরা।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেস। নিকোলাস তাগলিয়াফিকো বক্সের ভেতর ফাউলের শিকার হলে এই পেনাল্টি পায় আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করেন জিউলিয়ানো সিমিওনে। লাউতারো মার্টিনেসের ব্যাকহিল পাস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন তিনি।
ম্যাচে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি একাদশে বড় ধরনের পরিবর্তন আনলেও মেসিকে মাঠে নামানোর ঝুঁকি নেননি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড সাম্প্রতিক চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন।
ম্যাচ শেষে স্কালোনি বলেন, মেসির শারীরিক অবস্থা উন্নতির দিকে, তবে তাকে ধীরে ধীরে ম্যাচ ফিট করে তোলার পরিকল্পনা রয়েছে।
বিশ্বকাপে আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ‘জে’ গ্রুপে অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। তার আগে ৯ জুন আইসল্যান্ডের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দলটি।
No comments yet. Be the first to comment!