বিশ্বকাপে অংশগ্রহণের শুরু থেকেই নানা ধরনের প্রশাসনিক ও লজিস্টিক জটিলতার মুখে পড়ছে ইরান দল—এমন অভিযোগ করেছেন দলের প্রধান কোচ আমির গালেনোয়ি। তিনি বলেন, পুরো টুর্নামেন্টে ইরানই সবচেয়ে বেশি “নিপীড়নের” শিকার দল।
সোমবার লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গালেনোয়ি অভিযোগ করেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই দলকে মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য করা হয়েছে, যা তাদের পরিকল্পিত সূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, “আমাদের আগমনে বিলম্ব করা হয়েছে, পর্যাপ্ত বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি এবং হঠাৎ করেই আগেভাগে ফিরে যেতে বলা হয়েছে। এমন পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত কঠিন।”
গালেনোয়ির দাবি, এর আগেও দলের ওপর বিভিন্ন প্রশাসনিক চাপ তৈরি হয়েছে। তার ভাষায়, যুক্তরাষ্ট্র ও ইরানের কূটনৈতিক উত্তেজনার প্রভাব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ওপরও পড়েছে। কিছু স্টাফ সদস্যের ভিসা জটিলতা তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
কোচ আরও জানান, আগে তাদের বলা হয়েছিল প্রথম ম্যাচের পর মঙ্গলবার দুপুর পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ থাকবে। তবে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়, যা দলের প্রস্তুতিতে ব্যাঘাত ঘটিয়েছে।
ইরানের তারকা ফরোয়ার্ড মেহেদি তারেমিও পরিস্থিতিকে “চরম চাপপূর্ণ” বলে উল্লেখ করেন। তিনি বলেন, খেলোয়াড় ও স্টাফরা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
তারেমি আরও জানান, ম্যাচের দিনই তাদের জানানো হয় যে সোমবারই যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। “এটা আমাদের জন্য খুবই ক্লান্তিকর ও বিভ্রান্তিকর পরিস্থিতি,” বলেন তিনি।
তিনি ফিফার ভূমিকার বিষয়েও প্রশ্ন তোলেন, একই সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ড্রেসিংরুমে এসে বিষয়টি নিয়ে কথা বলেছেন বলেও জানান।
গালেনোয়ি শেষ পর্যন্ত বলেন, “সব প্রতিকূলতা সত্ত্বেও আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!